নানা আয়োজনে শেখ কামালের জন্মবার্ষিকী পালন

আপডেট : ০৫ আগস্ট ২০১৩, ২১:৪৩
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৬৪তম জন্মবার্ষিকী সোমবার যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সকাল ৯টায় ধানমন্ডি আবাহনী ক্লাব প্রাঙ্গণে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী ও সতীশ চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও আফম বাহাউদ্দিন নাছিম প্রমুখ। এছাড়াও ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এমএ আজিজ ও সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদের নেতৃত্বে মহানগর আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুন-উর-রশিদের নেতৃত্বে কেন্দ্রীয় যুবলীগ, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগ, স্বেছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওসার ও সাধারণ সম্পাদক পংকজ দেবনাথের নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক অপু উকিলের নেতৃত্বে যুব মহিলা, কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজার নেতৃত্বে কৃষক লীগ শেখ কামালের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে। এদিকে গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রের টিএসসি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আআমস আরেফিন সিদ্দিক, ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক ওমর শরীফ।