সুদানের রাজধানী খার্তুমে ‘অস্ত্রধারীদের’ হামলায় পাঁচ বিক্ষোভকারী ও এক নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা নিহত হয়েছে। সোমবার রাতে এ হামলার ঘটনা ঘটে। এ হামলার জন্য কারা দায়ী সে সম্পর্কে সরকারের তরফ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আন্দোলনকারীরা জানান, বেসামরিক কর্তৃপক্ষের কাছে পূর্ণ ক্ষমতা হস্তান্তরের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ওইদিন তারা রাজধানীর সেনা সদর দপ্তরের কাছে বিক্ষোভ করছিলেন। এ সময় অতর্কিতভাবে তারা হামলার শিকার হন। বিক্ষোভকারীরা এর জন্য সৈন্যদের দায়ী করলেও সেনাবাহিনী বলেছে, অজ্ঞাত বন্দুকধারীরা এ হামলা চালিয়েছে। সেনাবাহিনীর তরফ থেকে এ ব্যাপারে তাদের বিবৃতিও প্রদান করা হয়েছে। গত মাসে প্রেসিডেন্ট ওমর আল বশিরকে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা থেকে উত্খাত করা হয়। এরপর সেখানে একটি অন্তর্বর্তীকালীন মিলিটারি কাউন্সিল গঠনের মাধ্যমে দেশটির শাসন কার্য পরিচালনা হচ্ছে। কিন্তু বিক্ষোভকারীদের দাবি বেসামরিক প্রশাসনের হাতে অবিলম্বে ক্ষমতা হস্তান্তর করা হোক। তাদের এ দাবির বিপরীতে পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় সেখানে প্রায় প্রতিদিনই বিক্ষোভ-সমাবেশ হচ্ছে। গত ৬ এপ্রিল থেকে সদর দপ্তরের সামনের চত্বর দখল করে বিক্ষোভ করে আসছেন তারা। বিক্ষোভে প্রতিদিন হাজার হাজার মানুষ সমবেত হচ্ছে। তারা বলছেন, তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না।
