সিদ্ধিরগঞ্জে ডাকাতরা বোমা ফাটিয়ে একটি জুয়েলারী দোকানের ২২ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় ১২ লাখ টাকা মালামাল লুট করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাত সাড়ে ৯টায় নয়াআটি মুক্তিনগর এলাকায়। পুলিশ ঘটনাস্থল থেকে দু’টি হাত বোমা উদ্ধার করেছে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা হলেও পুলিশ গতকাল সোমবার পর্যন্ত ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার কিংবা লুণ্ঠিত কোন মালামাল উদ্ধার করতে পারেনি। জানা যায়, কিসমত মার্কেটের রিতু জুয়েলার্সে রাত সাড়ে ৯টায় একদল ডাকাত হানা দেয়। এ সময় ডাকাতরা বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে কর্মচারীদের অস্ত্রের ভয় দেখিয়ে দোকানের ২২ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত অবস্থায় দু’টি হাতবোমা উদ্ধার করেছে। দোকানের মালিক মহিউদ্দিন জানায়, দোকানের প্রায় ২২ ভরি স্বর্ণালঙ্কার ডাকাত দল ছিনিয়ে নিয়ে গেছে। এ ঘটনায় দোকানের মালিক মহিউদ্দিন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
