১০ লাখ টাকার কাপড়সহ ট্রাক ও মাইক্রো উদ্ধার

আপডেট : ০৫ আগস্ট ২০১৩, ২১:৫১
গত রবিবার সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গায় কাপড় বোঝাই একটি ট্রাক ও মাইক্রোবাস উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, দিনাজপুর জেলার ঘোড়াঘাট এলাকার কাপড় ব্যবসায়ী তৌহিদুল ইসলাম ও কামরুজ্জামান একটি মাইক্রোবাসে সিরাজগঞ্জের শাহজাদপুর কাপড়ের হাট থেকে দশ লাখ টাকার দেশীয় কাপড় নিয়ে দিনাজপুর যাচ্ছিল। মাইক্রোবাসটি বগুড়া জেলার শেরপুরে পৌঁছালে ১০/১২ জনের একটি ডাকাত দল একটি মিনি ট্রাক দিয়ে মাইক্রোবাসটির গতি রোধ করে। এ সময় ডাকাত দল অস্ত্রের মুখে মাইক্রোবাসের ড্রাইভার ও কাপড় ব্যবসায়ীকে রাস্তায় নামিয়ে মারধর করে। পরে নেশা মিশ্রিত ফলের জুস খাইয়ে অজ্ঞান করে মহাসড়কের পাশে ফেলে কাপড়গুলো ট্রাকে তুলে সিরাজগঞ্জের উদ্দেশে রওনা হয়। বিষয়টি জানাজানি হলে সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুড়কায় কাপড় বোঝায় ট্রাকটি জনতা আটক করে পুলিশে দেয়। পরে সিরাজগঞ্জের রোডের পাশে উজ্জলের বাড়ির সামনে মাইক্রোবাসটি ফেলে ডাকাত দল পালিয়ে যায়। পুলিশ মাইক্রোবাসটি উদ্ধার করে। পুলিশ জানায়, এ ঘটনায় সলঙ্গায় মামলা হয়েছে।