রংপুরে ভূমি কর্মকর্তাদের বিক্ষোভ সমাবেশ

আপডেট : ০৫ আগস্ট ২০১৩, ২১:৫২
রংপুরে ভূমি কর্মকর্তাদের বেতন স্কেল স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি রংপুর জেলা শাখার উদ্যোগে অস্থায়ী কার্যালয়ে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, রংপুর বিভাগ ও জেলার সভাপতি খন্দকার আব্দুল মজিদ হীরুর সভাপতিত্বে সমাবেশে বক্তারা গত ২৫ জুলাই ভূমি মন্ত্রণালয়ের এক স্মারকাদেশে পুনর্নির্ধারিত বেতন স্কেল স্থগিত করায় হতাশা প্রকাশ করে বলেন, সরকার ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন ও যুগোপযোগীকরণের লক্ষ্যে সারাদেশের প্রায় ৪ হাজার ৫শ’ ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত কর্মকর্তাদের পদে গ্রেডেশনের সঙ্গে সঙ্গতি রেখে প্রশাসনের প্রতিটি স্তরের প্রায় এক যুগের যাচাই-বাচাই, অনুসন্ধান শেষে বেতন বৈষম্য দূরীকরণ মন্ত্রিসভা কমিটির সুপারিশ ও অনুমোদনক্রমে অর্থ বিভাগ গত ৩০ মে ভূমি মন্ত্রণালয়কে নির্দেশনা প্রদান করে। সে মোতাবেক মহা হিসাব নিয়ন্ত্রকের কার্যালয় হতে জিও পৃষ্ঠাঙ্কন এবং গেজেট প্রকাশিত হয়। ভূমি মন্ত্রণালয়কে পত্র প্রেরণ করে। কিন্তু কালেক্টরেট সহকারী সমিতির দাবির মুখে জন প্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব একটি কমিটি গঠন করে ভূমি মন্ত্রণালয়কে অনুরোধ করেন। ফলে ভূমি মন্ত্রণালয় গত ২৫ জুলাই ২২ জুলাইয়ের আদেশটির কার্যকারিতা স্থগিত করে। বক্তারা আরও বলেন, কালেক্টরেট সহকারী সমিতির পদবি বেতন স্কেল সংক্রান্ত দাবি বিবেচনার বিষয়টি জন প্রশাসন মন্ত্রণালয়ের অধীনে। ভূমি ব্যবস্থাপনাকে গতিশীল করতে কানুনগো পদটিকে ২য় শ্রেণীতে উন্নীত করা হয়েছে। পাশাপাশি উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও উপ-সহকারী স্থাস্থ্য কর্মকর্তার ন্যায় ভূমি কর্মকর্তাদের বেতন সমন্বয় করা হয়েছে। ভূমি কর্মকর্তারা সরকারের বিপুল পরিমাণ রাজস্ব আদায়, ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন, আদালতে এসএফ প্রেরণ ও সরকার পক্ষে স্বাক্ষর প্রদান, সরকারি সম্পত্তি রক্ষণাবেক্ষণ, নামজারী, তদন্ত প্রতিবেদনসহ নানাবিধ দায়িত্ব পালন পূর্বক একটি স্বাধীন অফিস পরিচালনা করে।