হাজীগঞ্জে গৃহবধূকে পুড়িয়ে হত্যার চেষ্টা

আপডেট : ০৫ আগস্ট ২০১৩, ২১:৫২
হাজীগঞ্জে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে রাতের আঁধারে হত্যার উদ্দেশ্যে কেরোসিন ঢেলে আগুন নিয়ে ঝলসে দিয়েছে। এ ঘটনায় গৃহবধূর বাবা রিক্সাচালক সুরুজ মিয়া ৪ জনকে আসামি করে রবিবার থানায় অভিযোগ করে। ঘটনার বিবরণে জানা যায়, ২১ নভেম্বর ২০১২ সালে হাজীগঞ্জ পৌরসভাধীন পূর্ব হাটিলা ইউনিয়নের প্রধানিয়া বাড়ির মোঃ আব্দুল কাদেরের ছেলে মোঃ জাহিদুল ইসলামের (২৮) সাথে শাহানাজের বিবাহ হয়। বিবাহের পর থেকে প্রায়ই শাহানাজ আক্তার শিরিনকে শাশুড়ী মরিয়ম বেগম, শ্বশুর আব্দুল কাদের, ননদ হোসনে আরা বেগম এবং স্বামী জাহিদুল ইসলাম যৌতুকের জন্য নির্যাতন করত। শাহানাজ জানান, গত ১৪ জুলাই রবিবার রাত সাড়ে ৮টায় তার বসতঘরে ঘুমিয়ে পড়ে। তখন শাশুড়ী মরিয়ম বেগম কেরোসিন ঢেলে গৃহবধূ শাহানাজের গায়ে আগুন ধরিয়ে দেয়। এতে তার ডাক-চিত্কারে পার্শ্ববর্তী লোকজন ছুটে এসে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে। হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) কুতুবউদ্দিন জানান, ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি। অচিরেই দোষীদেরকে গ্রেপ্তার করা হবে।