সাবেক সংসদ সদস্য আওরঙ্গজেবের কুলখানি আজ

আপডেট : ০৫ আগস্ট ২০১৩, ২২:২৬
সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য কে এম হেমায়েতউল্লাহ্ আওরঙ্গজেব-এর কূলখানি আজ মঙ্গলবার। এ উপলক্ষে আজ বাদ আছর তার হাতিরপুলের পুকুরপাড় নিজ বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া মাহফিলে প্রয়াতের পরিবারের পক্ষ থেকে তার সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। শনিবার বিকালে সাবেক সাংসদ আওরঙ্গ তার নিজ নির্বাচনী এলাকা শরীয়তপুর যাওয়ার পথে মাওয়া সড়কে খানবাড়ির সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। ঐ ভয়াবহ দুর্ঘটনায় তার আরো পাঁচজন সফরসঙ্গীও নিহত হন। তার গাড়িচালক এখনো আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। গত রবিবার রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন সড়ক দুর্ঘটনায় নিহত শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা হেমায়েত উল্লাহ আওরঙ্গ। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় রবিবার এই বীর মুক্তিযোদ্ধাকে দাফন করা হয়। এর আগে শরীয়তপুর জেলা স্টেডিয়ামসহ বিভিন্ন জায়গায় তার পাঁচ দফা জানাযা অনুষ্ঠিত হয়। মরহুমের প্রথম জানাযা অনুষ্ঠিত হয় বাংলা মোটরের বায়তুল মোবারক জামে মসজিদে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাযা। এ সময় মরহুমের কফিনে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পুষ্পার্ঘ্য অর্পণ করেন। তৃতীয় জানাযা অনুষ্ঠিত হয় নয়াপল্টনের বিএনপি অফিসের সামনে। এ সময় আওরঙ্গের সঙ্গে নিহত স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক জামাল উদ্দিন মুন্সী, যুবদলের সহ-যুগ্ম সাধারণ সম্পাদক এসএম নুরুজ্জামান ও স্থানীয় যুবদল নেতার জানাযাও অনুষ্ঠিত হয়। জানাযায় অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস-চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট আহমেদ আজম খান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, শিক্ষা সম্পাদক খায়রুল কবির খোকন, আন্তর্জাতিক সম্পাদক নাজিম উদ্দিন আলম, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিব-উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু প্রমুখ। এরপর ধানমন্ডির নিজ বাসভবনের সামনে জানাযা শেষে হেলিকপ্টারে করে লাশ শরীয়তপুরের ডামুড্যায় নিয়ে যাওয়া হয়। শরীয়তপুর প্রতিনিধি জানান, সেখানে স্থানীয় প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা জ্ঞাপন করা হয়। শরীয়তপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত জানাযায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এ কে এম এনামুল হক শামীম, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রব মুন্সি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন কালুসহ ১০ হাজারের বেশি লোক অংশ নেন।