বারাসাতে বিজেপি নেতার গাড়ি-বাড়ি ভাঙচুর

আপডেট : ১৪ মে ২০১৯, ২২:০২

 

তৃণমূল কর্মী-সমর্থকেরা বারাসাতে বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য অরবিন্দ মেননের গাড়ি ভাঙচুর করেছেন। নির্বাচন কমিশনের কাছে এমন অভিযোগই জানাল বিজেপি। বিজেপি নেতা মুকুল রায়ের অভিযোগ, শুধু মেননের গাড়ি ভাঙচুর নয়, তাদের জেলা স্তরের এক নেতার বাড়িও ভাঙচুর করেছে তৃণমূল। বারাসাতের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার যদিও পাল্টা অভিযোগ করেন, বাইরে থেকে লোক নিয়ে এসে টাকা ছড়িয়ে অশান্তি বাধানোর চেষ্টা করছে বিজেপি। খবর আনন্দবাজার পত্রিকার

পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন মুকুল। তিনি উত্তর ২৪ পরগনার পুলিশ সুপারের অবিলম্বে অপসারণ দাবি করেন। গোটা ঘটনায় পুলিশ অরবিন্দ মেননের সঙ্গে থাকা পাঁচটি গাড়ি বাজেয়াপ্ত করেছে এবং গ্রেফতার করেছে কনভয়ের তিন গাড়ি চালককে।

ঘটনার সূত্রপাত সোমবার গভীর রাতে বারাসাতে। উত্তর ২৪ পরগনা জেলা বিজেপির দাবি, সোমবার রাতে টাকি রোডের একটি হোটেলে তাদের একটি দলীয় বৈঠক হওয়ার কথা ছিল। বিজেপির অভিযোগ, সেই বৈঠক ভেস্তে দিতেই বারাসাত থানার পুলিশ ওই হোটেলে তল্লাশির নামে হানা দেয়। ফলে তাদের স্থান পরিবর্তন করতে হয়। তারা স্থানীয় বিজেপি নেতা তুহিন মণ্ডলের বারাসাতের বাড়িতে বৈঠক শুরু করেন। উত্তর ২৪ পরগনা জেলা বিজেপির দাবি, বৈঠকে একাধিক জাতীয় পর্যায়ের বিজেপি নেতা উপস্থিত থাকায় অনেক গাড়ি ছিল।