তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ঘটনায় সন্দেহভাজন গ্রেফতার সালেহ রহমান সীমান্তকে দ্বিতীয় দফায় রিমান্ডে নেয়া হয়েছে। শুনানি শেষে গতকাল সোমবার নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক যাবিদ হোসেন তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সীমান্ত জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা বজলুর রহমান ওরফে হাজী রিপনের বড় ছেলে।
মামলাটির তদন্তকারী সংস্থা র্যাব-১১ এর স্পেশাল ক্রাইম প্রিভেনশন কোম্পানির এএসপি রবিউল ইসলাম বলেন, সীমান্তকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। তবে আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ২৩ এপ্রিল মামলার তদন্তকারী সংস্থা নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ ৫ দিনের রিমান্ডে নিয়ে সীমান্তকে জিজ্ঞাসাবাদ করেছিল। উল্লেখ্য, গত ৬ মার্চ নিখোঁজের ২ দিন পর ৮ মার্চ শহরের চারারগোপ এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে ত্বকীর লাশ উদ্ধার করা হয়।
