বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুর সদর উপজেলার মাস্টারবাড়ী এলাকার স্টাইলো ফ্যাশন লিমিটেড নামক একটি পোশাক কারখানার শ্রমিকরা ব্যাপক বিক্ষোভ করছে। এ সময় কারখানায় হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করে কাঁচ ভাংচুর করা হয়। বিক্ষুব্ধ শ্রমিকরা সকাল ১০টার দিকে মিছিল সহকারে রাস্তায় নেমে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় এক ঘন্টা অবরোধ করে রাখে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সকাল ৯টার দিকে বেতন বোনাসের দাবিতে স্টাইলো ফ্যাশন লিমিটেডের সাড়ে তিন হাজার শ্রমিক বিক্ষোভ করে। এক পর্যায়ে উত্তেজিত শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করে ওই কারখানার গ্লাস ভাংচুর করে। পরে সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এসময় গাজীপুর শিল্পাঞ্চল ও হাইওয়ে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে কমপক্ষে ২০ শ্রমিক ও তিন পুলিশ সদস্য আহত হয়।
কারখানার শ্রমিকরা জানায়, কর্তৃপক্ষ তাদের চার থেকে পাঁচবার সময় পরিবর্তন করে জুলাই মাসের বেতন ও ঈদ বোনাস দেয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছিল। একদিন পরই কারখানা ছুটির ঘোষণা দেয়া হবে। বার বার প্রতিশ্রুতির পরও মজুরির টাকা না পেয়ে শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠে।
পুলিশ জানায়, শ্রমিকদের দাবি যৌক্তিক হলেও মহাসড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টির অধিকার তাদের নেই। মহাসড়ক থেকে সরিয়ে দিতে তাদের ওপর লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। শ্রমিকদের ইটপাটকেল ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
