খাগড়াছড়িতে অবরোধ ভাংচুর উত্তেজনা

আপডেট : ০৫ আগস্ট ২০১৩, ২৩:০২
মাটিরাঙ্গার তাইন্দংয়ের পাহাড়ি গ্রামে গত শনিবারের সহিংসতার প্রতিবাদে ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ডাকে গতকাল সোমবার খাগড়াছড়ির আট উপজেলায় সকাল-সন্দ্ধ্যা সড়ক অবরোধ পালিত হয়েছে। অবরোধ চলাকালে জেলা শহরে রিকশা, অটো রিকশা ও সিএনজি চলাচল স্বাভাবিক থাকলেও ভারি কোন যানবাহন চলাচল করেনি। সকাল এগারটায় রামগড়ের তৈচাকমা পাড়ার ছোট বেলছড়ি এলাকায় ভাড়ায় চালিত একটি মোটর সাইকেলে পিকেটাররা আগুন দিলে উত্তেজনা দেখা দেয় স্থানীয় বাঙ্গালিদের মধ্যে। কিছুক্ষণের মধ্যেই কিছু বাঙ্গালি সংঘটিত হয়ে দুইটি জিপ গাড়িতে করে ডাইনছড়ি ও ছোট বেলছড়ি এলাকায় গিয়ে কয়েকটি দোকানে হামলা ও ভাংচুর চালায়। এক পর্যায়ে হামলাকারীরা একটি দোকানের মালিক আনন্দকে অপহরণ করে নিয়ে যায়। খবর পেয়ে রামগড় ও মানিকছড়ি থানার পুলিশ ব্যাপক তল্লাশি অভিযান চালিয়ে এক ঘন্টা পর আনন্দ ত্রিপুরাকে আহত অবস্থায় উদ্ধার করে। এদিকে একই সময়ে পিকেটারদের হামলায় জেলা সদরের খেজুর বাগান এলাকায় বকুল বড়ুয়া নামের একজন টমটম চালক গুরুতরভাবে আহত হন।