রুহুল আমিন হাওলাদারকে তৃতীয় দফা দুদকে তলব

আপডেট : ১৪ মে ২০১৯, ২২:০৫

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

ইত্তেফাক রিপোর্ট

সরকারি সম্পদ আত্মসাতের মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে জিজ্ঞাসাবাদের জন্য জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে তৃতীয়বারের মতো তলবি নোটিস দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদক থেকে তার কাছে এ তলবি নোটিস পাঠানো হয়েছে। দুদকরে উপ-পরিচালক সৈয়দ আহমেদ স্বাক্ষরিত ওই নোটিসে তাকে আগামী ২০ মে দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদরে জন্য হাজির হতে বলা হয়েছে।

দুদক সূত্র জানায়, সরকারি সম্পদ আত্মসাতের মাধ্যমে শত কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে রাজউকের একাধিক প্লটের মালিক হওয়াসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে দুদকে। এসব অভিযোগ তদন্তের জন্য ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর রুহুল আমিন হাওলাদারকে প্রথম তলব করে দুদক। কিন্তু সে সময় নির্বাচনের প্রস্তুতির কারণ দেখিয়ে দুদকে হাজির না হয়ে তিনি হাজিরা থেকে অব্যাহতির আবেদন করেন। এরপর তাকে ফের চিঠি পাঠান দুদকের উপ-পরিচালক সৈয়দ আহমদ।