মিরপুরে লাশ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

আপডেট : ১৪ মে ২০১৯, ২২:০৬

ইত্তেফাক রিপোর্ট

মিরপুরের পল্লবীতে মুসলিম (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করে। পরিবারের দাবি, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে পুলিশ তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কিছু জানাতে পারেনি।

পল্লবী থানার ওসি (অপারেশন) এমরানুল হক জানান, মিরপুরের আলোকদী দেওয়ানপাড়া এলাকায় মুসলিমের নিজের বাড়ি। তিনি স্ত্রী-সন্তান নিয়ে ওই বাড়িতে থাকেন। গতকাল সকালে তার মৃত্যুর খবর থানায় এলে পুলিশ দ্রুত তার বাড়িতে যায়। পুলিশ বাসায় গিয়ে তার ঘরের বিছানায় লাশ পড়ে থাকতে দেখে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি (অপারেশন) এমরানুল হক বলেন, নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন না থাকলেও গলায় দাগ দেখা গেছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনো পরিষ্কার নয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।