না’গঞ্জে ৪ জনকে আটকের ঘটনায় ফাঁড়ি ঘেরাও

আপডেট : ০৬ আগস্ট ২০১৩, ২২:১২
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় কলেজছাত্রসহ ৪ জনকে আটকের পর পুলিশের বিরুদ্ধে বাণিজ্য করার অভিযোগে এলাকার লোকজন পুলিশের একটি ফাঁড়ি ঘেরাও করেছিল। সোমবার রাত সাড়ে ১১টা হতে সাড়ে ১২টা পর্যন্ত এক ঘণ্টা ঘেরাওয়ের পর পুলিশ আটককৃতদের ছেড়ে দেয়। সোমবার রাত ১১টার দিকে ধামগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে পুলিশ এলাকার ইস্পানী বটতলা এলাকার রহিম মিয়ার তুলার গুদামে হানা দিয়ে কলেজছাত্র সানি, আবু, আমির ও দেলোয়ারকে আটক করে। এলাকাবাসীর অভিযোগ আটককৃতদের ছাড়িয়ে নিতে ২০ হাজার টাকা দাবি করে পুলিশ। এ নিয়ে পুলিশের সঙ্গে এলাকাবাসীর বাকবিতণ্ডা ঘটে। রাত সাড়ে ১১টায় এলাকায় এ ঘটনা ছড়িয়ে পড়লে কয়েকশ’ নারী-পুরুষ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে। ধামগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মিন্টু মোল্লা জানান, যাদের আটক করা হয়েছে তারা জুয়া খেলছিল। এছাড়া তাদের কাছে মাদক ছিল যেটা তারা সেবন করছিল। ফাঁড়িতে নিয়ে আসলে ঐ ৪ জনের সহযোগীরা হানা দিয়ে আসামিদের ছাড়িয়ে নেয়ার চেষ্টা করে। তখন পুলিশ ৬ রাউন্ড ফাঁকা গুলি করে।