দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলার জোহান্সবার্গের বাড়িতে একটি ভুয়া ও পানি বিল পাঠানোর জন্য ক্ষমা চেয়েছে শহর কর্তৃপক্ষ। দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন শহরের মুখপাত্র। খবর বিবিসির।
সমপ্রতি জোহান্সবার্গ কর্তৃপক্ষ ম্যান্ডেলার বাড়িতে একটি বিল পাঠায় যাতে উল্লেখ ছিল ৩০ দিনের মধ্যে ছয়শ’ ষাট ডলারের বকেয়া পরিশোধ না করলে পানি ও বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করা হবে। শহরের মুখপাত্র কেগামানেয়েন মাফোলেজেলা জানান, ওই বিল অন্য বাড়ির। তিনি জানান, রাস্তার নাম এবং বাড়ির নাম্বার একই। কেবল এলাকা ভিন্ন। তাই ভুল করে ম্যান্ডেলার বাড়িতে বিলটি চলে গেছে। মুখপাত্র অনিচ্ছাকৃত এই ভুলের জন্য ম্যান্ডেলা এবং তার পরিবারের সদস্যদের কাছে ক্ষমা চান। ভুলের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান মাফোলেজেলা। ম্যান্ডেলার বাড়িতে বিল পাঠানোর পর ব্যাপক সমালোচনার শিকার হয় শহর কর্তৃপক্ষ। তবে দেশটির অনেক রাজনীতিকের কাছে এ ধরনের বিল বকেয়া রয়েছে। গত ৮ জুন থেকে ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়ে প্রিটোরিয়ার হাসপাতালে ভর্তি আছেন ম্যান্ডেলা।
