দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, পটিয়া, লোহাগাড়া, বাঁশখালী উপজেলার প্রায় ২০ গ্রামের অনেক মানুষ আগামীকাল বৃহস্পতিবার ঈদ-উল-ফিতর পালন করবেন। দক্ষিণ চট্টগ্রামের অন্যতম সুফি সাধক হযরত মাওলানা মোখলেছুর রহমান (রাঃ) ২শ বছর আগে এ নিয়মের প্রবর্তন করেন। তার মুরিদান সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা দীর্ঘ ২শ বছর পূর্ব থেকে এই নিয়ম পালন করে থাকেন।
মির্জাখীল দরবার শরীফের অনুসারী চন্দনাইশ উপজেলার নগরপাড়া, কাঞ্চনাবাদ, আফজলনগর (সুফি বাড়ী), কাঞ্চননগর, বৈলতলী, বরমা ও বরকল, সাতকানিয়া উপজেলার মির্জাখীল, সোনাকানিয়া, গারাঙ্গিয়া ও গাটিয়াডাঙ্গা, লোহাগাড়া উপজেলার কলাউজান ও চরম্বা, বাঁশখালী উপজেলার জালিয়াপাড়া, ছনুয়া, মক্ষিরচর ও কালিপুর পটিয়া উপজেলার হাইদগাঁও, বাহুলী ও ভেল্লাপাড়াসহ ২০ গ্রামের প্রায় লক্ষাধিক মানুষ বৃহস্পতিবার ঈদ পালন করবেন। এ ব্যাপারে মির্জাখীল দরবার শরীফের গদিনসীন পীর মাওলানা আবদুল হামিদ নূর মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর পালনের কথা স্বীকার করে বলেন, আমরা যেহেতু সৌদি আরবের দিনক্ষণ অনুসরণ করে রোজা শুরু করি, ঈদুল ফিতরও হবে সে অনুসারে। তিনি আরো বলেন, যেহেতু মির্জাখীল দরবার শরীফের অনুসারীদের সাথে অন্যদের রোজার দিক থেকে একদিন আগে-পিছে রয়েছে সেকারণে আগামীকাল বৃহস্পতিবার আমরা ঈদ-উল-ফিতর পালন করব সেটা অনেকটা নিশ্চিত। তারপরও সৌদি আরবে কখন ঈদুল ফিতর পালন করছে সেটা দেখতে হবে। সৌদি আরবের সময়ের উপর নির্ভর করছে আমরা আগামীকাল (বৃহস্পতিবার) ঈদ পালন করবো কিনা।
মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা জানান, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৮টি গ্রামে আগামীকাল বৃহস্পতিবার ঈদ-উল-ফিতর উদযাপিত হবে। উপজেলার মোহনপুর ইউনিয়নস্থ পাঁচানী, বাহেরচর পাঁচানী, আইটাদি পাঁচানী, দেওয়ানজীকান্দি, লতুর্দী, সাতানী ও দঃ মাথাভাঙ্গার আংশিক, সাদুল্যাপুর ইউনিয়নের আমিয়াপুর গ্রামের কিয়দংশ, ইসলামবাদ ইউনিয়নের মধ্য ইসলামবাদ গ্রামের একাংশ, ফতেপুর পশ্চিম ইউনিয়নের গাজীপুর গ্রামের একাংশ, এখলাছপুর ইউনিয়নের মধ্য এখলাছপুর (বড়ই কান্দি) গ্রামের একাংশ এবং ফরাজীকান্দি ইউনিয়নের ফরাজীকান্দি, রামদাশপুর, চরমাছুয়া, হাজিপুর, দঃ রামপুর, সরকারপাড়া ও ঠাকুরপাড়া— এই গ্রামগুলোর কিয়দংশের মুসলমান ঈদ-উল-ফিতর উদযাপন করবেন।
এ ব্যাপারে আইটাদি পাঁচানী গ্রামের মাহবুব রহমান বলেন, মোহনপুর ইউনিয়নের ৭টি গ্রামের মুসলমানরা অনেক বছর ধরেই এভাবে ঈদ উদযাপন করে আসছেন। আমরা চট্টগ্রামস্থ মির্জাখীল দরবার শরীফের অনুসারী হিসাবেই এভাবে সঠিক সময়ে ঈদ উদযাপন করে আসছি।
ফরাজীকান্দি ইউনিয়নের দঃ রামপুর গ্রামের আলী আজগর তপাদার বলেন, আমরা ঢাকার মদীনার জামাত ত্বরীকার পীর মাওলানা হুমায়ুন কবির খান সাহেবের ত্বরীকার অনুসারী এবং সঠিক জেনেই আমরা আগামীকাল বৃহস্পতিবার ঈদ-উল-ফিতর উদযাপন করবো। এদিকে ঈদের জামাত অনুষ্ঠিত হবার কথা রয়েছে মোহনপুর ইউনিয়নের পাঁচানী, বাহেরচর পাঁচানী, আইটাদি পাঁচানী, দেওয়ানজীকান্দি, লতুর্দী, সাতানী ও দঃ মাথাভাঙ্গা ফতেপুর পশ্চিম ইউনিয়নের উত্তর গাজীপুর এবং ফরাজীকান্দি ইউনিয়নের ফরাজীকান্দি শহীদ জামে মসজিদে।
