বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পবিত্র ওমরাহ পালন শেষে গতকাল মঙ্গলবার দেশে ফিরেছেন। বিকেল ছয়টার দিকে এমিরেটাস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল বিমান বন্দরে এসে পৌঁছালে বিএনপি নেতা-কর্মীরা তাকে স্বাগত জানান। ওমরাহ পালনের উদ্দেশ্যে বিরোধী দলীয় নেতা গত ২৭ জুলাই সৌদিআরব যান। সেখানে তিনি পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গেও কুশল বিনিময় করেন। খালেদা জিয়া সরাসরি মদিনায় গিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর পবিত্র রওজা মোবারক জিয়ারতের পর মসজিদে নববীতে ইবাদতে বসেন। মদিনা থেকে মক্কায় গিয়ে গত ৩১ জুলাই ওমরাহ পালন করেন তিনি। রবিবার মক্কায় মসজিদুল হারাম শরিফে শবে কদরের ইবাদত করেন। তিনি এই মসজিদে ইফতার ও তারাবির নামাজও পড়েন।
সফরে সৌদি বাদশাহর রাজকীয় অতিথি হিসেবে ছিলেন বিএনপি চেয়ারপারসন। এই সফরে খালেদা জিয়ার সঙ্গে ছিলেন তার ছোট ভাই শামীম এস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা, শামীমের দুই ছেলে, দলের সহ-সভাপতি শমসের মবিন চৌধুরী, একান্ত সচিব সালেহ আহমেদ, ফটোসাংবাদিক নুরউদ্দিন আহমেদ প্রমুখ।
