ঢাকা-বরিশাল রুটে যাত্রী পরিবহনকারী দ্রুতগামী বে-ক্রুজ জাহাজটি শতাধিক যাত্রী নিয়ে কীর্তনখোলা নদীর চরে আটকা পড়েছে। ঢাকা থেকে যাত্রী নিয়ে আসার পথে সোমবার রাতে সদর উপজেলার সায়েস্তাবাদ সংলগ্ন চরে জাহাজটি আটকা পড়ে। জাহাজে থাকা যাত্রীদের গতকাল মঙ্গলবার সকালে মুহিন-১ লঞ্চে বরিশাল নৌ বন্দরে পৌঁছে দেয়া হয়েছে।
বে-ক্রুজের চিফ অপারেটিং অফিসার (সিও) মোশারফ হোসেন জানান, সোমবার দুপুরে ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশাল বন্দরের উদ্দেশে জাহাজটি রওনা হয়। হঠাত্ করে নদীর ঐ স্থানে এসে জাহাজটির জেনারেটর বিকল হয়ে যায়। পরে জাহাজটি নিরাপদ স্থান নদীর তীরে নোঙ্গর করে রাখা হয়। জাহাজটি নোঙ্গর করার সময় নদীতে জোয়ার ছিল। পরে রাতে ভাটায় পানি নেমে যাওয়ায় জাহাজটি চরে আটক পড়ে।
খবর পেয়ে বিআইডব্লিউটিএর টাগ বোর্ড অগ্রযাত্রা ঘটনা স্থলে গিয়ে গতকাল মঙ্গলবার উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। টাগ বোর্ডের মাস্টার মনিরুজ্জামান ইত্তেফাককে জানান, বে-ক্রুজ এ্যালুমনিয়াম দিয়ে তৈরি। তাই ভেঙ্গে যাওয়ার আশঙ্কা থাকায় কর্তৃপক্ষ বিকল্পভাবে নামানোর চেষ্টা চালাচ্ছেন।
