ক্ষমতায় থাকাকালীন সময়ে বিএনপির উন্নয়ন কর্মকাণ্ড থাকলে তা বিলবোর্ডের মাধ্যমে প্রচার করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেছেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বিএনপি দেখে না। তাই বিএনপির নেতাকর্মীদের দেখানোর জন্যই এই বিলবোর্ড লাগানো হয়েছে। আর আমাদের সরকারের এই উন্নয়ন চিত্র দেখে তাদের গাত্রদাহ শুরু হয়েছে। তিনি বিএনপিকে ইঙ্গিত করে বলেন, ক্ষমতায় থাকতে বিএনপি যদি কোন উন্নয়ন করে থাকে, তবে তা জাতির সামনে তুলে ধরুন। বিলবোর্ডে প্রচার করুন।’
গতকাল মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও একুশে আগস্ট গ্রেনেড হামলা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের প্রস্তুতি হিসাবে এই সভার আয়োজন করা হয়।
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, দলীয় নেতা হাজী মো. সেলিম প্রমুখ।
‘বিলবোর্ডে অসত্য তথ্য দেয়া আছে’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের এমন অভিযোগের জবাবে হানিফ বলেন, রোজা রেখে টুপি পরে এমকে আনোয়ার মিথ্যাচার করছেন। বিলবোর্ডের কোথায় অসত্য তথ্য আছে তা আমাদের দেখিয়ে দিন। অন্যথায় এই মিথ্যাচারের জন্য আপনাদের জাতির কাছে ক্ষমা চাইতে হবে।
ঈদের পর জামায়াতের ডাকা হরতাল রুখে দেয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে হানিফ বলেন, উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে তাদের এই হরতাল আদালত অবমাননার শামিল। হরতালের নামে তাদের এই অপতত্পরতা কখনো মেনে নেয়া হবে না। জামায়াতকে নিষিদ্ধ করার সময় এসেছে। এই ফ্যাসিস্ট দলকে জাতি আর দেখতে চায় না।
