ত্বকী হত্যাকাণ্ডের ৫ মাস পূর্ণ হওয়ায় মানববন্ধন

আপডেট : ০৬ আগস্ট ২০১৩, ২২:৫২
নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের ৫ মাস পূর্ণ হওয়ায় মঙ্গলবার মানববন্ধন ও সমাবেশ করেছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। মুষলধারে প্রচণ্ড বৃষ্টির মধ্যে সকাল ১১টা হতে সাড়ে ১২ট পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে দেড় ঘণ্টার এ মানববন্ধনে বক্তারা নারায়ণগঞ্জের জেলা ও পুলিশ প্রশাসনের কঠোর সমালোচনা করেন। তবে মামলাটি এখন র্যাবের কাছে থাকায় ‘আশার আলো’ দেখা যাচ্ছে বলেও বক্তারা মন্তব্য করেন। মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক সাবেক এমপি এস এম আকরাম। তিনি তার বক্তব্যে এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন। সন্ত্রাস নির্মূল মঞ্চের আহবায়ক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তি রফিউর রাব্বি বলেন, ইতোমধ্যে লিটন নামের এক আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এতে সে বলেছে. হাজী রিপনের বাড়িতে বসে ত্বকীকে গলাটিপে হত্যা করা হয়েছে।