ট্রেনের ছাদে ভ্রমণ নিষিদ্ধ হলেও ঈদে প্রতিটি (সুবর্ণ এক্সপ্রেস বাদে) ট্রেনের ছাদে ভ্রমণ করা হচ্ছে। ছাদে ভ্রমণ করতে গিয়ে গতকাল রাজধানীর গেন্ডারিয়ায় চলন্ত ট্রেন থেকে ৪ জন পড়ে গিয়ে ৩ জন নিহত হয়েছে। নিহতরা হলেন জাকির হোসেন, নজরুল ইসলাম ও নূরু মিয়া। গতকাল সকালে গেন্ডারিয়া রেলস্টেশনে নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটের তুরাগ এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে এই ৪ জন যাত্রী নিচে পড়ে গেলে এ ঘটনা ঘটে।
নিহতদের পারিবারিক সূত্র জানায়, সকাল সাড়ে ৯ টার দিকে ফতুল্লা থেকে ট্রেনটি জয়দেবপুরের উদ্দেশ্যে রওনা দেয়। ট্রেনের ভিতর ও ছাদে দাঁড়ানোর জায়গা ছিল না। বেলা পৌনে ১১ টার দিকে ট্রেনটি গেন্ডারিয়া রেলস্টেশন অতিক্রম করার সময় রেলস্টেশনের যাত্রী ছাউনির টিনের সঙ্গে ধাক্কা লেগে ৪ জন যাত্রী ছাদ থেকে পড়ে যান। ঘটনাস্থলেই জাকির হোসেন নিহত হন। গুরুতর আহত নূরু মিয়া ও রিকশা ভ্যান চালক নজরুল ইসলামকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিত্সকরা মৃত ঘোষণা করেন।
কমলাপুর সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি) এর এসআই কামাল হোসেন জানান, কিভাবে তারা ট্রেন থেকে পড়ে গেছে তা নিশ্চিত হওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীদের কেউ জানিয়েছেন, ট্রেনের দরজায় ঝুলে যাওয়ার সময় ঐ যাত্রীরা পড়ে যায়। আবার কেউ জানিয়েছেন, তারা চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়েছিলেন। আহত একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে।
