বেতন-বোনাস পাননি বেসরকারি শিক্ষক-কর্মচারীরা

আপডেট : ০৭ আগস্ট ২০১৩, ২১:৪৫
সরকারি বেতন ভাতা না পেয়ে ঈদ আনন্দ থেকে বঞ্চিত হয়েছে ৫ লক্ষাধিক বেসরকারি শিক্ষক ও কর্মচারী পরিবার। বুধবার শিক্ষকরা ব্যাংকে টাকা উত্তোলন করতে গেলে ব্যাংক থেকে বলা হয়, তাদের বেতন ও বোনাস ব্যাংক একাউন্টে জমা হয়নি। এই সংবাদ মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে শিক্ষক মহলে নেমে আসে চরম হতাশা। এই ঘটনায় শিক্ষক নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ বলেন, গত ৫ আগস্টের মধ্যে তাদের বেতন ও বোনাস দেয়ার কথা ছিলো। গতকাল সকাল থেকে ডেমরা শাখার শিক্ষকরা বেতনের স্লিপ ব্যাংকে জমা দিলেও টাকা না দিয়ে তাদের ফিরিয়ে দেয়া হয়। একই অবস্থা বিরাজ করছে দেশের অন্যান্য জেলাতেও। শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো.সেলিম ভূঁইয়া এক বিবৃতিতে বলেন, প্রতি বছরের ন্যায় এবারও শিক্ষক ও কর্মচারীদের বেতন বোনাস দিতে সরকারের শিক্ষা মন্ত্রণালয় ব্যর্থ হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এক শ্রেণীর অসাধু কর্মকর্তা ও কর্মচারীর অবহেলার কারণে ৫ লাখ পরিবার ঈদ আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে। এই দায়ভার সরকারকেই নিতে হবে। তিনি ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।