মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের পাহাড়ী জনপদ (লালছড়া) এলাকায় বড় ভাইকে গাছে বেঁধে ছোট বোন স্কুল ছাত্রীকে ধর্ষণ করেছে ৪ লম্পট। এই ঘটনাটি ঘটেছে গত রবিবার রাতে এবং জুড়ী থানায় মামলা দায়ের হয়েছে মঙ্গলবার রাতে। ধর্ষিতা বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিত্সাধীন। মামলার এজাহার ও স্কুল ছাত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়িতে দিনমজুর বড় ভাইর (১৮) সংগে ছোট বোন স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী বসবাস করত। একবছর আগে তাদের মা মারা যায় এবং বাবা শৈশবে তাদেরকে ছেড়ে অন্যত্র চলে যান। ঘটনার রাতে ভাই-বোন নৈশভোজ সেরে ঘুমাতে যাচ্ছিল, ঠিক ঐ সময় ৪ পাষণ্ড আকস্মিকভাবে ঘরে ঢুকে ভাই-বোনের মুখ কাপড় দিয়ে বেঁধে ফেলে। একসময় ভাইকে টেনে-হিঁচড়ে বাড়ির পাশে টিলায় নিয়ে গাছের সংগে বেঁধে রাখে। তারপর ৪ পাষণ্ড পালাক্রমে কিশোরীকে ধর্ষণ করে। চলে যাওয়ার সময় তাদের হাতে থাকা টর্চের আলোতে পার্শ্ববর্তী গ্রামের ফারুক মিয়া (৩৫)ও কইছউদ্দিনকে (৩০) চিনতে পারে কিশোরী, অপর ২জনকে চিনতে পারেনি। খবর পেয়ে গ্রামের লোকজন এসে ভাইয়ের বাঁধন খুলে দেয়। জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান , যথাসময়ে খবর না পাওয়ায় মামলা দায়েরে বিলম্ব হয়েছে। বুধবার কিশোরীর ফরেনসিক টেস্ট করা হবে। আসামিদেরকে গ্রেফতারের সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।
