কলাপাড়ায় লোহার ব্রিজ ভেঙ্গে যাওয়ায় জনদুর্ভোগ

আপডেট : ০৭ আগস্ট ২০১৩, ২১:৫০
কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের নাওয়াপাড়া গ্রাম সংলগ্ন খালের উপর নির্মিত লোহার ব্রিজটি স্রোতের তাণ্ডবে ভেঙ্গে গেছে। ফলে জেলে অধ্যুষিত ৭টি গ্রামের কমপক্ষে বিশ হাজার মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সংশ্লিষ্ট দপ্তর সংস্কার না করায় তাদের মধ্যে দেখা দিয়েছে চরম ক্ষোভ। গ্রামবাসী বাধ্য হয়ে ব্রিজের উপর বাঁশ দিয়ে সাঁকো বানিয়ে চরম ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। সরেজমিন ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, নাওয়াপাড়া, ছোট পাঁচ নং, চৌধুরীপাড়া, থঞ্জুপাড়া, কলাউপাড়া, হাচনাপাড়া, বানাতিপাড়া গ্রামের মানুষের যাতায়াতের জন্য দুই বছর পূর্বে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস ওই খালের উপর লোহার ব্রিজ নির্মাণ করে দেয়। গত তিন মাস পূর্বে রামনা বাঁধ চ্যানেলের ঢেউয়ের তাণ্ডবে গাজীর খাল পয়েন্টের বেড়ি বাঁধ ভেঙ্গে ইউনিয়নের অধিকাংশ গ্রাম তলিয়ে যায়। এরপর পূর্ণিমা ও অমাবশ্যার প্রভাবে দফায় দফায় জোয়ারের পানির তীব্র স্রোতে ব্রিজটিও ভেঙ্গে যায়। ফলে চরম দুর্ভোগে পড়েছে ওই সব গ্রামবাসী। সবচেয়ে বিপাকে পড়েছে মত্স্য ব্যবসা কেন্দ্র গাজীর খাল এলাকার কয়েক হাজার জেলে। প্রতিদিন সাগরে মাছ ধরে ওই জেলেরা এলাকায় ফিরে আসে। জেলেরা আহরিত মাছ পরিবহনের জন্য ব্রিজটি ব্যবহার করে। তাছাড়া সৈয়দ গাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মীরা বাড়ি মাদরাসা ও নাওয়াপাড়া প্রীতি রহমান প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের চরম ঝুঁকি নিয়ে ওই ব্রিজ পার হতে হয়। এব্যাপারে লালুয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান কেএম তারেকুজ্জামান তারা মীরা বলেন, ‘আমি এখন পর্যন্ত দায়িত্ব গ্রহণ করিনি। তবে জনগণের যাতায়াতের জন্য বাঁশ দিয়ে কোনমতে চলাচলের উপযোগী করে দিয়েছি।’