গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা ব্যাংকের দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে ব্যাংকের বরিশাল শাখার ভাইস প্রেসিডেন্ট আব্দুল মালেক হাওলাদার বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ঢাকা ব্যাংক বরিশাল শাখার সাবেক শাখা ব্যবস্থাপক কেএইচএম আসাদুজ্জামান এবং একই শাখার অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট ও ক্রেডিট ইনচার্জ মোহাম্মদ হুমাউন কবিরকে ৬ কোটি ৪৫ লাখ ৫৫ হাজার ৭২৬ টাকা আত্মসাত্ করায় আসামি করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয় ২০১০ সালের ১৬ মে থেকে ২০১৩ সালের ৮ জুলাই পর্যন্ত আসামিরা পরস্পর যোগসাজশে গ্রাহকদের জমানো ঐ পরিমাণ টাকা আত্মসাত্ করেন।
সমপ্রতি ব্যাংকের শাখা ব্যবস্থাপক কেএইচএম আসাদুজ্জামানকে পদোন্নতি দিয়ে ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে বদলি করা হয়। কিন্তু বদলির পরপরই আসাদুজ্জামান এবং অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট ও ক্রেডিট ইনচার্জ মোহাম্মদ হুমাউন কবির কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তাদের আত্মগোপনের বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষের কাছে সন্দেহজনক হলে তারা তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটি দুই কর্মকর্তার দুর্নীতির প্রমাণ পান।
