ফুলবাড়িয়ায় ডিমের দাম কম লোকসান খামারিদের

আপডেট : ০৭ আগস্ট ২০১৩, ২২:০৬
ফুলবাড়ীয়া উপজেলায় ডিমের দাম কম হওয়ায় খামারীরা প্রতিদিন গুণছেন লোকসান। ডিমের দাম কম হলেও বাড়ছে মুরগির খাবারের দাম। অনেক খামারী লেয়ার খামার স্থাপনে আগ্রহ হারিয়ে ফেলছেন। উপজেলার পাহাড়ি এলাকা হিসাবে পরিচিত এনায়েতপুর, কালাদহ, বাকতাসহ প্রায় প্রতিটি ইউনিয়নে গড়ে উঠেছে লেয়ারের খামার। লেয়ার খামার স্থাপন করে এক বছর আগে খামারীরা লাভের মুখ দেখায় গড়ে ওঠে প্রচুর খামার। বর্তমানে এ উপজেলায় লেয়ার খামার রয়েছে ছোট বড় মিলে প্রায় ২ হাজার ৫০টি। প্রতিদিন বিক্রি হয় দেড় লাখ ডিম। এক বছর আগে প্রতিটি ডিম বিক্রি হয়েছে ৯ টাকা দরে। রমজানের আগে ছিল প্রতিটি ডিমের দাম ছিল ৮। রমজান আসার পর লাল ডিম বিক্রি হচ্ছে সাড়ে ৫ টাকা দরে আর সাদা ডিম বিক্রি হচ্ছে ৫ টাকা দরে। ডিমের আড়তদাররা জানান, গত রমজানে ডিমের দামের উপর তেমন প্রভাব পড়েনি। সোয়াইতপুর বাজারের ডিমের আড়তদার সাইফুল ইসলাম তালুকদার জানান, তিনি প্রতিদিন ৭০ হাজার ডিম কিনে বিক্রি করে থাকেন। ৯ টাকা ডিমের দামের সময় খাবারের দাম ছিল ১৬শ’ টাকা বস্তা। এখন ডিমের দাম কমেছে কিন্তু খাবারের দাম বেড়েছে বস্তা প্রতি একশ’ থেকে দু’শ’ টাকা। লেয়ার খামার স্থাপন করে লাভ না হওয়ায় হতাশায় ভুগছেন খামারীরা। ডিমের বাজারের সাথে খাবার বাজারের সামঞ্জস্য না থাকলে লেয়ার খামার স্থাপন থেকে মুখ ফিরিয়ে নিবে খামারীরা।