ঈদ বোনাসের দাবিতে সাভার আশুলিয়ায় ভাংচুর, আহত ১৫

আপডেট : ০৭ আগস্ট ২০১৩, ২৩:০৭
সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ করেছে রফতানিমুখী একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। বিক্ষুব্ধ শ্রমিকরা এসময় কারখানায় ব্যাপক ভাংচুর চালায়। এছাড়া বিধ্বস্ত রানা প্লাজার সামনে গণ অবস্থান কর্মসূচি পালন করছে রানা প্লাজার আহত শ্রমিক, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও নিখোঁজ শ্রমিকদের স্বজনরা। গতকাল বুধবার সকালে আশুলিয়া শিল্পাঞ্চলের ছাবাহ এলাকায় ল্যান্ডমার্ক গার্মেন্টে শ্রমিক অসন্তোষের এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এসময় পুলিশ বিক্ষুব্ধ শ্রমিকদের উপর লাঠিচার্জ করে। বহিরাগতরাও এসময় শ্রমিকদের উপর হামলা চালালে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হয়। পুলিশ জানায়, সকালে কারখানায় প্রবেশ করে ঈদ বোনাস প্রদানের দাবিতে বিক্ষোভ শুরু করে ল্যান্ডমার্ক গার্মেন্টের শ্রমিকরা। এসময় তারা কারখানায় ব্যাপক ভাংচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিক্ষুব্ধ শ্রমিকদের উপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এসময় বহিরাগতরা শ্রমিকদের উপর হামলা চালায়। পরিস্থিতি অবনতির আশংকায় কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও সাভারে বকেয়া বেতন ও ভাতার দাবীতে বিক্ষোভ ও ভাংচুর করেছে প্রাইড গ্রুপের শ্রমিকরা। বুধবার দুপুরে সাভার পৌর এলাকার উলাইল বাসস্ট্যান্ডে অবস্থিত প্রাইড গ্রুপের এইচ.আর টেক্সটাইলস কারখানায় ভাংচুরের এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১০ জন শ্রমিক। কারখানার শ্রমিকরা জানায়, সরকার ৭ তারিখের মধ্যে সকল শ্রমিকের বেতন পরিশোধ করার ঘোষণা দিলেও প্রাইড গ্রুপের মালিকপক্ষ সেদিকে কর্ণপাত করছে না। মঙ্গলবারও কর্তৃপক্ষ বেতন দেয়ার কথা বলে ৮ ঘণ্টার পরিবর্তে ১৬ ঘণ্টা কাজ করিয়েছে। বুধবার সকাল ১১টায় বেতন-ভাতা দেয়ার কথা থাকলেও তা দেয়া হচ্ছে না। এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা বেতন-ভাতা না পেয়ে কারখানার সিকিউরিটি লাইট, সিসি ক্যামেরা, কারখানা মূল ফটক ও সামনে থাকা বেশ কয়েকটি গাড়ীতে ইট-পাটকেল নিক্ষেপ করে ভাংচুর চালায়। একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি অবনতির আশংকায় কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে, বেতন, ঈদ বোনাস ও ক্ষতিপূরণের দাবীতে গণঅবস্থান কর্মসুচি পালন করছে সাভারের ধসে পড়া রানা প্লাজার ক্ষতিগ্রস্থ শ্রমিক ও তাদের স্বজনেরা। বুধবার সকাল থেকে সাভার বাজার বাসস্ট্যান্ডে ঘটনাস্থল ধসে পড়া রানা প্লাজার সামনে অবস্থান নিয়ে দ্বিতীয় দিনের মতো তারা এ কর্মসূচি শুরু করে। এসময় ঈদের আগে বেতন, ঈদ বোনাস ও যথাযথ ক্ষতিপূরণের টাকা পরিশোধে অবিলম্বে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।