শোলাকিয়ায় হবে দেশের বৃহত্ ঈদ জামাত

আপডেট : ০৭ আগস্ট ২০১৩, ২৩:০৮
প্রতি বছরের মতো এবারও জেলার ঐতিহাসিক শোলাকিয়া ঈদগায়ে দেশের সর্ববৃহত্ ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। এ বছর অনুষ্ঠিত হবে ১৮৬ তম জামাত। ঈদ জামাত আয়োজনের সকল প্রস্তুতির কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে ঈদগা পরিচালনা কমিটি সূত্রে জানা যায়। জেলা প্রশাসন, কিশোরগঞ্জ পৌরসভা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যৌথভাবে এবার কাজের তদারকির দায়িত্বে ছিল। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়—মাঠে লাইন টানা, বালু ভরাট, মিম্বর ও বাউন্ডারি দেয়ালে চুনকামের কাজ শেষ হয়েছে। স্থায়ী ওজুখানার পাশাপাশি আসা লাখো মুসল্লির ওজু ও পানীয়জলের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ অস্থায়ীভাবে মাঠে আরো ৮টি নলকূপ স্থাপন করেছে। এছাড়া সংলগ্ন বড় পুকুরের চারপাশে ছোট ছোট মাচা বেঁধে দিয়েও ওজু করার ব্যবস্থা করা হয়েছে। ২ দিন ধরে বৃষ্টির কারণে মাঠে ছোট ছোট নালা তৈরি করে করা হয়েছে পানি সরে যাবার ব্যবস্থা। আসন্ন ঈদকে ঘিরে ইতিমধ্যে কিশোরগঞ্জ শহরে যেন উত্সবের আমেজ শুরু হয়েছে। ঈদের ছুটিতে লোকজন বাড়ি ফিরতে শুরু করেছে। তাছাড়াও ঈদের নামাজে শরিক হতে আত্মীয়-স্বজনরাও আসছে। ঈদকে স্বাগত জানিয়ে নির্মাণ করা হয়েছে তোরণ। করা হয়েছে আলোকসজ্জারও ব্যাপক আয়োজন। রেলওয়ে সূত্রে জানা যায়, ঈদের দিন মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে ‘শোলাকিয়া এক্সপ্রেস’ নামে দুটি স্পেশাল ট্রেন চালুর ব্যবস্থা করা হয়েছে। একটি ট্রেন ঈদের দিন ভোর ৬টায় ভৈরববাজার থেকে ছেড়ে সকাল ৮টায় কিশোরগঞ্জে পৌঁছবে এবং বেলা ১২টায় পুনরায় ভৈরব বাজারের উদ্দেশে ছেড়ে যাবে। অপর ট্রেনটি ভোর পৌনে ৬টায় ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে সকাল ৮টায় পৌঁছবে এবং বেলা ১২টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে যাবে ময়মনসিংহের উদ্দেশে। এদিকে এ বছর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা। ৪ স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থায় র্যাব, পুলিশ, রেঞ্জ রিজার্ভ ফোর্স ও আর্মড পুলিশ ব্যাটেলিয়ান নিয়োজিত থাকবে। তাছাড়া পুরো মাঠ জুড়ে এবং আশেপাশের এলাকায় বসানো হয়েছে ২১টি সিসি ক্যামেরা এবং মাঠে ৭টি পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ করা হয়েছে। শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির যুগ্ম-সম্পাদক মাহবুবুল হক ঝুনু বলেন, আগের দিন আসা মুসল্লিদের জন্য ইফতার ও রাতের খাবারের ব্যবস্থা গ্রহণের দায়িত্ব নিয়েছে চেম্বার অব কমার্স। দেশের বিভিন্ন এলাকা থেকে গত ২ দিনে শোলাকিয়া ঈদগাহে নামাজ আদায়ের উদ্দেশ্যে মুসল্লিরা বিভিন্ন মসজিদে এসে ওঠেছেন। এ বছর জামাতে ইমামতি, খুতবা পাঠ ও মোনাজাত পরিচালনা করবেন ইসলামী চিন্তাবিদ মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ। প্রতি বছরের ন্যায় এ বছরও সকাল পৌনে ১০টা থেকে চ্যানেল আই শোলাকিয়া ঈদগাহ থেকে সরাসরি অনুষ্ঠান সম্প্রচার করবে। ঈদ জামাত শুরু হবে সকাল ১০ টায়। রীতি অনুযায়ী নামাজ শুরুর ঠিক ১৫ মিনিট আগে ৩ রাউন্ড, ৫ মিনিট আগে ২ রাউন্ড ও ঠিক ১ মিনিট আগে ১ রাউন্ড বন্দুকের গুলি ছুঁড়ে প্রস্তুতি গ্রহণের জন্য মুসল্লিদের দৃষ্টি আকর্ষণ করা হবে।