তিউনিসিয়ার রাজধানী তিউনিসে সরকারের পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষ রাজপথে বিক্ষোভ করেছে। গত ২৫ জুলাই বিরোধী দলীয় আইন প্রণেতা মোহাম্মদ ব্রাহমির হত্যাকাণ্ডের পর উত্তর আফ্রিকার এই দেশটিতে শুরু হওয়া রাজনৈতিক সংকট ক্রমেই ঘনীভূত হচ্ছে। ব্রাহমির হত্যাকাণ্ডের পর মঙ্গলবারের জনসমাবেশ ছিল সবচেয়ে বড় রাজনৈতিক বিক্ষোভ।
এক পুলিশ কর্মকর্তা জানান, সরকারের পদত্যাগের দাবিতে মঙ্গলবার তিউনিসের রাজপথে আনুমানিক ৪০ হাজার লোকের সমাবেশ ঘটে। বিরোধী দলীয় নেতারা স্থানীয় মিডিয়ায় এই সংখ্যা এক থেকে দু’লাখ বলে উল্লেখ করেন। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বিক্ষোভ। এদিকে বিরোধী দল পদত্যাগ না করা পর্যন্ত সরকারের সঙ্গে কোন ধরনের আলোচনায় অস্বীকৃতি জানানোয় এবং ক্ষমতাসীন এন্নাহাদা তাদের পদত্যাগকে পূর্বশর্ত করে কোন ধরনের সংলাপের সম্ভাবনা নাকচ করে দেয়ায় সংকট সমাধানে কোন ধরনের লক্ষণ দেখা যাচ্ছে না। মঙ্গলবার সকালে জাতীয় সাংবিধানিক সভা স্থগিত করা হয়। ২০১১ সালে একটি নতুন সংবিধানের খসড়া প্রণয়নে ঐকমত্য গড়ে তুলতে এই সাংবিধানিক পরিষদ নির্বাচিত করা হয়।
ব্রাহমি ও অপর বিরোধী দলীয় রাজনীতিক চোকরি বেলাইদ হত্যাকাণ্ডের জন্য উগ্রইসলামপন্থীদের দায়ী করা হচ্ছে। এ হত্যাকাণ্ড প্রতিরোধে যথেষ্ট পদক্ষেপ গ্রহণ না করার জন্য এন্নাহাদার নেতৃত্বাধীন মন্ত্রিসভার সমালোচনা করা হচ্ছে।
