সারাবিশ্বের ভ্রমণ পিপাসুদের সবচেয়ে বেশি পছন্দের দেশ হল ফ্রান্স। অন্যদিকে রাজধানী শহরের মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণীয় শহর হল ব্যাংকক। সমপ্রতি জাতিসংঘের পর্যটন সংস্থার জরিপে উঠে আসে এ তথ্য। জাতিসংঘের মতে, ২০১২ সালে প্রায় ৮৩ মিলিয়ন পর্যটক গেছেন ফ্রান্সে। অথচ দেশটির মোট জনসংখ্যাই হল ৬৬ মিলিয়ন। পর্যটকদের ৮৩ শতাংশই আসে ইউরোপের বিভিন্ন দেশ থেকে। ইউরোপীয়রা অল্প খরচে ঘোরাফেরার জন্য প্রথম পছন্দ হিসাবে ফ্রান্সকেই বেছে নেন। তারা এই সময় বিলাসবহুল হোটেল বা মোটেলে না থেকে এবং নামি-দামি রেস্টুরেন্টে খাবার না খেয়ে মূলত ক্যাম্প করে থাকেন। খাবার-দাবার কেনেন সুপার শপ থেকে। যার কারণে তারা অনেক অল্প খরচে বিদেশ ভ্রমণ সারতে পারেন। ফ্রান্সে পর্যটন খাত থেকে দেশটির মোট জিডিপির প্রায় সাত শতাংশ আসে। যা দেশটির গাড়ি শিল্প খাত থেকে যে আয় হয় তার চেয়েও বেশি। ফ্রান্সে আসা পর্যটকরা মাথাপিছু ৬৪৬ ডলার করে ব্যয় করেন।
এর পর সবচেয়ে বেশি পর্যটক যায় মার্কিন যুক্তরাষ্ট্রে। গত বছর যুক্তরাষ্ট্র ভ্রমণে যান ৬৭ মিলিয়ন পর্যটক। আমেরিকায় আসা দর্শনাথীরা মাথাপিছু ব্যয় করেন ১৮৮৪ ডলার। আমেরিকায় যত পর্যটক যান তার ৫৫ শতাংশই যান পার্শ্ববর্তী দেশ কানাডা ও মেক্সিকো থেকে। যুক্তরাষ্ট্রের ট্রাভেল অ্যাসোসিয়েশনের মতে বাকি ৪৫ শতাংশ আসেন অনেক দূর থেকে। আমেরিকায় পর্যটন খাত থেকে যে আয় হয় তার ৭৮ শতাংশই আসে সেখান থেকে।
চীন আর স্পেনে সমানসংখ্যক মানুষ ভ্রমণে যান। চীনে গত বছর মোট ৫৭ দশমিক ৭ মিলিয়ন পর্যটক গেছে। এ সময় পর্যটকরা মোট ৫০ বিলিয়ন ডলার ব্যয় করেন। পর্যটকরা মাথাপিছু ব্যয় করেন ৮৬৭ ডলার। স্পেনে পর্যটকরা মাথাপিছু ব্যয় করেন ৯৬৯ ডলার। জার্মানিতে আসা পর্যটকরা মাথাপিছু ব্যয় করেন ১২৫৩ ডলার, যুক্তরাজ্যে যাওয়া পর্যটকরা ১২৪৯ ডলার।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ম্যাকাও তার ক্যাসিনোর জন্য বিখ্যাত, এখানে প্রত্যেক পর্যটক মাথাপিছু ব্যয় করেন ৩২১৩ ডলার। হংকংয়ে প্রতিবছর যান ২৩ দশমিক আট মিলিয়ন পর্যটক। প্রতিবছর তারা ব্যয় করেন ৩২ দশমিক এক বিলিয়ন ডলার। মাথাপিছু ব্যয় করেন ১৩৪৮ ডলার করে। থাইল্যান্ডে প্রতিবছর যান ২২ দশমিক চার মিলিয়ন পর্যটক। তারা বার্ষিক ব্যয় করেন ৩০ দশমিক এক বিলিয়ন ডলার। মাথাপিছু প্রতি পর্যটক ব্যয় করেন ১৩৪৪ ডলার। মালয়েশিয়ায় প্রতিবছর ভ্রমণে যান ২৫ মিলিয়ন মানুষ। তারা সেখানে ব্যয় করেন ২০ দশমিক দুই ডলার। মাথাপিছু ব্যয় করেন তারা ৮০৮ ডলার।
সৌদি আরবে প্রতি বছর যান ১৩ দশমিক সাত মিলিয়ন মানুষ। তারা ব্যয় করেন সাত দশমিক চার বিলিয়ন ডলার। প্রতি পর্যটক মাথাপিছু ব্যয় করেন ৫৪১ ডলার। ফ্রান্সের রাজধানী প্যারিস সারাবিশ্বে পরিচিত ভালবাসার শহর হিসাবে। কিন্তু ফ্রান্সে আসা পর্যটকদের মাত্র ১৬ দশমিক আট শতাংশ প্যারিসে যান। অর্থনৈতিক মন্দায় ফ্রান্সের অর্থনীতিতে ব্যাপক ধস নামে। বেকারত্বের হার দ্বিগুণ হয়। এ অবস্থায় সরকার পর্যটকদের ফ্রান্সে অবস্থান দীর্ঘ ও বেশি অর্থ খরচে উত্সাহী করতে হাতে নেয় নানা কর্মসূচি। গড়ে প্যারিসে পর্যটকরা অবস্থান করে ২.৭ রাত। ইউরোপীয়রা এখানে দুই রাত অবস্থান করে এবং এশীয় ও উত্তর আমেরিকা থেকে আসা পর্যটকরা এখানে এক সপ্তাহেরও বেশি সময় ধরে অবস্থান করে বলে জানায় প্যারিসের পর্যটন কর্তৃপক্ষ।
