ডেসকো এক বকরিকে কয়বার জবাই করবে?

আপডেট : ১১ আগস্ট ২০১৩, ২২:০৭
ডেসকোর নানা রকমের হয়রানির শিকার গ্রাহকরা। ডেসকো এক ‘বকরি’কে কয়বার জবাই করে তা আল্লাহই ভালো জানেন। তারা একই ইউনিটের বিল মাসে দু’বার আদায় করে মাসে লাখ লাখ টাকার মুনাফা লুটছে। যা ধরতে গেলে গ্রাহকদের অজান্তেই তাদের পকেট কাটছে। উদাহরণস্বরূপ বলা যায় গত জুন মাসে বিল দিয়েছে ১৪২১৬ ইউনিট তারিখ (২২-৬-১৩) জুলাই মাসে আবার বিল একই ইউনিট থেকে ধরা হয়েছে। অথচ নিয়ম অনুযায়ী ধরতে হবে এক ইউনিট বাদ দিয়ে ১৪২১৭ ইউনিট থেকে। কিন্তু ডেসকো তা করছে না। এতে করে গ্রাহক একই ইউনিটের বিল দুবার দিচ্ছে। এতে করে ডেসকোর গ্রাহক সংখ্যা যদি দু’লাখও হয় তবে তারা অতিরিক্ত প্রায় ৯ লাখ টাকা মাসে কামিয়ে নিচ্ছে। এদিকে ডেসকোর জুন মাসের বিল দেয়ার নির্ধারিত শেষ তারিখ ছিল ৪ঠা আগস্ট। কিন্তু জুলাই মাসের বিল দেয়ার নির্ধারিত শেষ তারিখ দিয়েছে ২৭ শে আগস্ট। অর্থাত্ গ্রাহককে আগস্ট মাসেই জুন-জুলাই দু’মাসের বিল পরিশোধ করতে হবে। আগে কাবুলিওয়ালারা যেমন এদেশে এসে ব্যবসার নামে মানুষকে শোষণ করেছে ডেসকোও তার গ্রাহকদের একই কায়দায় শোষণ করছে। বিদ্যুতের উচ্চ রেটে এমনিতেই আমরা নিষ্পেষিত। তারপর ডেসকো যদি এ ধরনের হয়রানি করে তবে আমরা যাবো কোথায়? শরীফ আবদুল কুদ্দুস, আকরাম হোসেন খান, সাংবাদিক আবাসিক এলাকা, মিরপুর ১১, ঢাকা