দার্জিলিংয়ে বনধ্ প্রত্যাহারে মমতার আল্টিমেটাম

আপডেট : ১১ আগস্ট ২০১৩, ২২:৪০
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য ভেঙে গোর্খাল্যান্ড রাজ্য গঠন নিয়ে গোর্খা জনমুক্তি মোর্চা ও রাজ্য সরকারের সংঘাত এখন চরমে। গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে চলা অনির্দিষ্টকালের বন্ধ্ প্রত্যাহারের জন্য গোর্খা নেতা বিমল গুরুকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিলেন পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আল্টিমেটাম প্রত্যাহার না করলে বিমল গুরুং ‘জনতার কারফিউ’ চালানোর হুমকি দিয়েছেন। খবর এনডিটিভির। গত শনিবার হাইকোর্টের রায় উদ্ধৃত করে মুখ্যমন্ত্রী চলমান বন্ধেক অসাংবিধানিক ও বেআইনি আখ্যা দিয়ে বলেন, ‘বন্ধ্ প্রত্যাহার না করলে সরকার সম্ভাব্য সব ধরনের কঠোর ব্যবস্থা নেবে এবং কোনো আলোচনায় যাবেন না।’ এর জবাবে বিমল গুরুং ‘জনতার কারফিউ’য়ের হুমকি দেন। তারাও মমতাকে ৭২ ঘণ্টা সময় দেন। জিটিএ প্রধানের পদ থেকে বিমল গুরুং পদত্যাগের পর মমতা বলেন, ‘মোর্চার নেতাকে জিটিএ’র দায়িত্ব নেয়ার জন্য তিন দিন সময় দেয়া হলো।’ অন্য দিকে, জনমুক্তি মোর্চা নেতারাও পিছু হটতে নারাজ। মোর্চার প্রধান বিমল গুরুং বলেন, সরকার অগণতান্ত্রিক পন্থায় তাদের গণতান্ত্রিক আন্দোলন পণ্ড করতে চাচ্ছে। গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে চলা অনির্দিষ্টকালের বনেধর ৯ম দিন পার হয়েছে গতকাল রবিবার।