ইত্তেফাক ডেস্ক
মুন্সীগঞ্জে শিশু ও রূপগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। খবর আমাদের স্টাফ রিপোর্টার, প্রতিনিধি ও সংবাদদাতার।
মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজংয়ে ৭ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। উপজেলার কুমারভোগে মঙ্গলবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ধর্ষক বিল্লাল হোসেনকে (৩৮) গ্রেফতার করেছে। এসব তথ্য দিয়ে লৌহজং থানার ওসি মো মনির হোসেন জানান, মঙ্গলবার সন্ধ্যায় শিশুটিকে ঘরে একা পেয়ে করম ব্যাপারীর পুত্র বিল্লাল হোসেন ধর্ষণ করে। এ সময় শিশুটির চিত্কারে আশপাশের লোকজন বিল্লালকে আটকে পুলিশে সোপর্দ করে। বিল্লাল লৌহজং এলাকায় শ্রমিকের কাজ করে। লৌহজং থানায় মামলার প্রস্তুতি চলছে।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা রসুলপুর এলাকায় মায়ের অসুস্থতার অজুহাত দেখিয়ে ডেকে নিয়ে লম্পট প্রেমিক তার প্রেমিকাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রসুলপুর এলাকায়। মঙ্গলবার সকালে ধর্ষিতা স্কুলছাত্রী রূপগঞ্জ থানায় মামলা করেছে। মঙ্গলবার সকালে ধর্ষক লম্পট রনিসহ তার দুই সহযোগী হূদয় ও রাসেল মিয়াকে গ্রেফতার করেছে। পুলিশ সাত দিনের রিমান্ড চেয়ে তাদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করেছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান বলেন, আসামিদের গ্রেফতার করা হয়েছে।
নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে ৭ বছরের দুই শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রিয়াজ (৩৮) নামে এক লম্পটকে গ্রেফতার করেছে পুলিশ। শিশু দু’টি স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী। গতকাল মঙ্গলবার দুপুরে অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃত রিয়াজ পটুয়াখালীর রাঙ্গাবালী থানার পশুরী বুনিয়া এলাকার বেলায়েত আলী সিকদারের ছেলে এবং সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ডের শিমুলপাড়া এলাকার সোহেল মিয়ার বাড়ির ভাড়াটিয়া। মামলার বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) এইচ এম জসীম উদ্দিন জানান, ঐ দুই শিশুর বাবা-মা গার্মেন্টসে কাজ করে। কাজে যাওয়ার পর তাদের দুই সন্তানকে ডেকে নিয়ে টিভি দেখার কথা বলে নীল ছবি দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে রিয়াজ। নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে।
