‘ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটিতে জাবি উপেক্ষিত’

আপডেট : ১৫ মে ২০১৯, ০০:২৭

 জাবি সংবাদদাতা

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে বরাবরের মতো এবারো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখাকে উপেক্ষিত করা হয়েছে বলে দাবি করেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। গত সোমবার প্রকাশিত কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে জাবি শাখা থেকে মাত্র দুজন নেতা পদ পেয়েছেন। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন পদপ্রত্যাশী নেতা ও সাধারণ কর্মীরা।

পদধারী দুই ছাত্রলীগ নেতা হলেন আরিফুল ইসলাম আরিফ (সহ-সভাপতি) ও এস এম মাহবুবুর রহমান সালেহী (উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক)। আরিফুল ইসলাম আরিফ ছাত্রলীগের বিগত কেন্দ্রীয় কমিটির কার্যকারী সদস্য ও জাবি শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং এস এম মাহবুবুর রহমান জাবি শাখা ছাত্রলীগের বিগত কমিটির পাঠাগার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এদিকে কেন্দ্রীয় কমিটিতে বরাবরের মতো জাবি শাখাকে উপেক্ষিত করায় ক্ষোভ প্রকাশ করেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তারা। জাবি ছাত্রলীগের বিগত কমিটির সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির পদপ্রত্যাশী মো. মোর্শেদুর রহমান আকন্দ তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ‘রাজনীতি করে দলের স্বার্থে, সংগঠনের স্বার্থে মিথ্যাকে নিশ্চুপ বরণ করে কারাবরণ করেছি। চোখ দিয়ে অশ্রু গড়াচ্ছে। দেশরত্ন শেখ হাসিনা কমিটি করার জন্য যেসব দিক মূল্যায়নের কথা বলেছেন তার কোনোদিক বিবেচনায় অযোগ্য থাকলে আজীবনের জন্য কারাবরণ করতে রাজি। কিন্তু এ কেমন সাজা!’

ছাত্রলীগ কর্মী নেজাম উদ্দিন নিলয় লিখেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ কমিটিকে অভিনন্দন। কেন্দ্রীয় কমিটি কি জীবনে হয়েছিল?’

জাবি শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা বলেন, ‘কেন্দ্রীয় সভাপতি-সম্পাদক যাদেরকে যোগ্য মনে করেছে তাদের কমিটিতে স্থান দিয়েছে। ভবিষ্যতে যেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার যোগ্য ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয় সেই দাবি জানাচ্ছি।’