নেত্রকোনার ৬টি পুকুরে বিষ প্রয়োগ

আপডেট : ১২ আগস্ট ২০১৩, ২১:৫২
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ৬টি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২০ লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। পূর্বধলা থানা সূত্রে জানা গেছে, উপজেলার নিজ হোগলা গ্রামের নায়েব আলী মন্ডলের মত্স্য খামারে গত ঈদের আগেরদিন বৃহস্পতিবার রাতে কে বা কারা বিষ প্রয়োগ করে এ ঘটনা ঘটায়। পুকুর মালিক জানান, তার বাড়ির সামনে নিজস্ব ২ একর ২০ শতক ভূমির ওপর খনন করা ৯টি পুকুরে গত কয়েক বছর যাবত্ দেশীয় প্রজাতির মাছের চাষ করে মাছ বিক্রি করে আসছেন। এলাকার কিছু দুষ্কৃতকারী তার এই লাভজনক ব্যবসায় ঈর্ষান্বিত হয়ে তার ৬টি পুকুরে বিষ প্রয়োগ করে দেশীয় প্রজাতির শিং, মাগুর ও কার্প জাতীয় প্রায় ২০ লাখ টাকার মাছ নিধন করে ফেলেছে।