অবৈধভাবে বিদেশ পাঠালে ১০ বছরের কারাদণ্ড

আপডেট : ১২ আগস্ট ২০১৩, ২২:৪৬
বিদেশে শ্রমিক পাঠাতে প্রতারণা, জালিয়াতি ও অনিয়ম করলে ১০ বছর কারাদণ্ডসহ ৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। পাশাপাশি অভিযুক্ত রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল ও স্থগিত করা হবে। এমন বিধান রেখে ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন- ২০১৩’ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ‘ইমিগ্রেশন অর্ডিনেন্স ১৯৮২’ যুগোপযোগী করতে এই আইন করা হচ্ছে। এ আইনের মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থানকে নিরাপদ এবং কর্মীদের কল্যাণ নিশ্চিত হবে। আগের আইনে শাস্তি ছিল এক বছর কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা। রিক্রুটিং এজেন্সির জনশক্তি রপ্তানি ও অনিয়মের শাস্তির মাত্রা নতুন আইনে বাড়ছে। প্রস্তাবিত আইনে অ-অনুমোদিত প্রতারণামূলক বিজ্ঞাপনের জন্য অনধিক ৭ বছর কারাদণ্ড এবং ন্যূনতম ৫ লাখ টাকা জরিমানা এবং ডিমান্ড লেটার, ভিসা ইত্যাদি অবৈধভাবে লেনদেন করলে অনধিক ৭ বছর কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। অবৈধভাবে ইমিগ্রেশনের জন্য অনধিক ১০ বছর কারাদণ্ড এবং ন্যূনতম ৫ লাখ টাকা জরিমানা হবে। অন্যান্য অপরাধের জন্য, যা আইনে সুস্পষ্টভাবে উল্লেখ করা নেই, সেক্ষেত্রে ৬ মাস কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা হবে।