কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে বসেছিল ঢাকার বিশেষ জজ আদালত-৩; কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাজির না করায় অনুষ্ঠিত হয়নি গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি। তবে আগামী ১৮ জুন এ মামলার অভিযোগ গঠনের উপর শুনানির জন্য দিন ধার্য রেখেছে ওই আদালতের বিচারক আবু সৈয়দ দিলজার হোসেন।
রবিবার আইন মন্ত্রণালয় পৃথক পৃথক প্রজ্ঞাপনে খালেদা জিয়ার বিরুদ্ধে করা ১৭টি মামলার বিচার কার্যক্রম কেরানীগঞ্জের কারাগারে স্থাপিত অস্থায়ী এজলাসে অনুষ্ঠিত হবে বলে জানায়। সেই হিসাবে গতকাল সেখানে বসেছিলো বিশেষ জজ আদালত-৩। এর আগে বকশিবাজারের কারা অধিদপ্তরের মাঠে বসত এই আদালত।
প্রসঙ্গত খালেদা জিয়া বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। তিনি পুরোপুরি সুস্থ হলে তাকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী।
