গত সাত আগষ্ট জামায়াতের দুই নেতা হত্যার প্রতিবাদে গতকাল সোমবার বিকেলে সীতাকুণ্ড সদরে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা জামায়াত। মিছিলে চট্টগ্রাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিবির কর্মী অংশ নেয়। এ নিয়ে ছিলো চরম আতঙ্ক। দুপুর দুইটার পর সকল মার্কেট বন্ধ করে দেয়া হয়। ব্যাংক খোলা থাকলেও সতর্কতা হিসেবে দরজা ছিলো বন্ধ। মিছিল থেকে নাশকতা হতে পারে এ ধরনের খবরে পুলিশও ব্যাপক প্রস্তুতি নেয়। পাশাপাশি মোতায়েন করা হয় বিজিবি ও র্যাব। তবে শেষ পর্যন্ত কোন ধরনের অঘটন ছাড়াই মিছিল শেষ হয়। মিছিল শেষে প্রতিবাদ সভায় ৪৮ ঘন্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানায় জামায়াত নেতৃবৃন্দ। অন্যথায় বৃহত্তর চট্টগ্রামে হরতাল ঘোষণা করা হবে বলে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র শিবিরের সভাপতি কুতুব উদ্দিন জামায়াত নেতা হত্যাকারী আওয়ামী লীগ ও যুবলীগ ক্যাডারদের হাত-পা কেটে সীতাকুণ্ড বাজারে প্রকাশ্যে ঝুলিয়ে রাখা হবে বলে হুমকি দেন।
