শহরাঞ্চলের স্বাস্থ্যসেবা, আবাসন, জ্বালানিসহ বিভিন্ন সমস্যার কার্যকর সমাধানের উপায় উদ্ভাবন করে চারটি ক্যাটাগরি থেকে পাঁচটি দল বিজয়ী হয়েছে। বিজয়ী দলগুলো হচ্ছে- নবায়নযোগ্য জ্বালানি ক্যাটাগরিতে ‘নিরভানা’ ও ‘সিটি বার্ড’, হেলথ কেয়ার ক্যাটাগরিতে ‘যত্ন হেলথ কেয়ার’, লো কষ্ট আরবান হাউজিং ক্যাটাগরিতে ‘অনুষঙ্গ’, ওয়াশ ক্যাটাগরিতে ‘ড্রিংক ওয়েল’। বিশেষ পুরস্কার পেয়েছে ‘রেসপনসিভ আরবানিস্ট’। গতকাল মহাখালীর ব্র্যাক সেন্টারে ‘আরবান ইনোভেশন চ্যালেঞ্জ’ শীর্ষক প্রতিযোগিতায় বিজয়ী দলের নাম ঘোষণা করা হয়। ‘আমাদের শহরের সমস্যা, আমরাই করব সমাধান’—প্রতিপাদ্য নিয়ে ব্র্যাক এ প্রতিযোগিতার আয়োজন করে।
গত ২৪ জুলাই দ্বিতীয়বারের মতো শুরু হয় এ প্রতিযোগিতা। দেশের শহরাঞ্চলের সমস্যা সমাধানে মেধাবী তরুণদের উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে চায় ব্র্যাক। এতে প্রায় ৩০০ উদ্ভাবনী আইডিয়া জমা পড়ে, যা থেকে চূড়ান্ত পর্বে ১৩টি আইডিয়া নির্বাচন করা হয়। এই পর্বে স্বল্প খরচে আবাসন, স্বাস্থ্যসেবা, সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশন, নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু পরিবর্তন এই পাঁচটি বিষয় থেকে আইডিয়া নিয়ে তাদের পুরস্কৃত করা হয়। প্রতি বিজয়ী দলকে ব্র্যাক ৫ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে। ব্র্যাকের সহায়তায় প্রতিটি দল ছয় মাসের মধ্যে তারা তাদের পরিকল্পনা বাস্তবে রূপদানের সুযোগ পাবে।
পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আতিকুর রহমান, পরিবেশ বিজ্ঞানী ড. আইনুন নিশাত, ব্র্যাকের স্ট্র্যাটেজি, কমিউনিকেশনস অ্যান্ড এমপাওয়ারমেন্ট কর্মসূচির ঊর্ধ্বতন পরিচালক আসিফ সালেহ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আইসিটি মন্ত্রণালয়ের স্টার্টআপ প্রকল্পের উপদেষ্টা টিনা জাবিন, প্রথম আলোর ইয়ুথ কো-অর্ডিনেটর মুনীর হাসান, ইএমকে সেন্টারের ডিরেক্টর নাভিদ আকবর, গ্রীন ডেল্টা লাইফ ইন্সুরেন্সের নির্বাহী প্রধান ফারজানা চৌধুরী, ব্র্যাক নগর উন্নয়ন কর্মসূচির প্রধান হাসিনা মুশরফা প্রমুখ উপস্থিত ছিলেন।
