এবার হজ যাত্রীদের কোনো ভোগান্তি হবে না ----------------------ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট : ১৫ মে ২০১৯, ০০:৫৮

ইত্তেফাক রিপোর্ট

এবার হজ যাত্রায় হাজীদের কোনো ভোগান্তি হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ শেখ আব্দুল্লাহ। গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন রিপোর্টার্স ফোরামের (পিআইআরএফ) ইফতার মাহফিলে তিনি এই কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমি নিজে মন্ত্রী হবার আগে হজে গিয়েছি। দেখেছি হাজীদের কষ্ট। আমি তখনই মনে মনে ভাবছি কখনও যদি কোনো দিন হাজীদের খেদমত করার সুযোগ পাই তাহলে সর্বোচ্চ চেষ্টা করবো। আল্লাহ আমাকে সেই সুযোগ দিয়েছেন, আমি দায়িত্ব পাবার পর ছয়টা দাবি নিয়ে সৌদি আরব যাই। এর মধ্যে চারটি দাবি সৌদি সরকার মেনে নিয়েছে। এর মধ্যে অন্যতম ছিল, জেদ্দা বিমান বন্দরে হাজীদের যে ইমিগ্রেশন হয়, তা বাংলাদেশে হবে। এটা অনেক বড় সাফল্য।’

পিআইআরএফ সভাপতি আছাদুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন অধিদপ্তরের অতিরিক্ত প্রকল্প পরিচালক কর্নেল মো. জুলফিকার আলী, সহকারী প্রকল্প পরিচালক লে. কর্নেল শাহরিয়ার ও উইং কমান্ডার তৌহিদ।