বাংলাদেশের জন্য মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থী সমস্যার দুই যুগ হতে চলেছে। নব্বই দশকের শুরুতে মিয়ানমারে দাঙ্গা শুরু হলে আকিয়াব থেকে রোহিঙ্গারা দলে দলে পালিয়ে সীমান্ত পথে বাংলাদেশে প্রবেশ করে। এসব রোহিঙ্গারা কক্সবাজারের দুইটি উপজেলা উখিয়া ও টেকনাফে শরণার্থী শিবিরে অবস্থান করা শুরু করে। সৃষ্ট এ সমস্যার সমাধানসহ রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে করণীয় নির্ধারণ করতে আগামী শনিবার দু’দিনের সফরে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি কক্সবাজারে যাচ্ছে।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে নিলুফার জাফর উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে কক্সবাজার সফরের এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কমিটির সদস্যরা দু’টি উপজেলায় শরণার্থী ক্যাম্প ও বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকা পরিদর্শন করবেন। চার সদস্যের কমিটিতে নেতৃত্ব দেবেন সাইফুজ্জামান চৌধুরী। অপর তিন সদস্য হচ্ছেন জাহিদ মালেক, এ,এম মাহবুব উদ্দিন খোকন ও বেগম নাজমা আক্তার।
এদিকে বৈঠক শেষে সংসদ ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে কমিটির সদস্য বেগম নাজমা আক্তার জানান, মিয়ানমার থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গা শরণার্থী এবং দুই দেশের সীমান্ত নিয়ে সংবাদপত্রে প্রায়ই প্রতিবেদন প্রকাশিত হয়। রোহিঙ্গারা দেশের জন্য বাড়তি চাপ হয়ে রয়েছে। এসব বিষয় সম্পর্কে সংসদীয় কমিটি ধারণা নিতেই কক্সবাজার সফর করার সিদ্ধান্ত নিয়েছে। কমিটি শরণার্থী ক্যাম্প ও সীমান্ত এলাকা পরিদর্শন করার পর রাজধানীতে ফিরে স্থায়ী কমিটির নিকট প্রতিবেদন দাখিল করবেন।
মিয়ানমারের রোহিঙ্গা সমস্যার শুরু নব্বই দশকের গোড়ার দিকে। বর্তমানে এ সমস্যার দুই যুগ পার হতে চলেছে। এতোদিন পর সংসদীয় কমিটির সফরে সমস্যার সমাধানের পথ কি বেরিয়ে আসবে? সংসদ সচিবালয় সূত্র জানায়, বৈঠকে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কমিটি মনে করছে সরেজমিনে পরিদর্শন না করলে প্রকৃত চিত্র পাওয়া যাবে না। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এ সফরে পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি থাকবেন।
সূত্র আরও জানায়, কমিটি দুই দিনের সফরে আগামী শনিবার কক্সবাজার পৌঁছাবে। শরণার্থী ক্যাম্প পরিদর্শনের সময় কমিটির সদস্যরা বাস্তব ধারণা পেতে রোহিঙ্গা শরণার্থীদের সাথে কথাবার্তা বলবেন। এছাড়াও সীমান্ত এলাকার অবস্থা তারা প্রত্যক্ষ করবেন। সফর শেষে কমিটির সদস্যরা রাজধানীতে ফিরে আসার পর আগামী ২০ আগস্ট ফের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর এটি হবে মুলতবি বৈঠক। বিশেষ করে মুলতবি বৈঠকের কার্যসূচি অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনির বিদেশ সফর নিয়ে আলোচনা করার কথা রয়েছে।
এদিকে মুলতবি বৈঠক সম্পর্কে সূত্র জানায়, পররাষ্ট্র মন্ত্রীর বিদেশ সফর নিয়ে বিরোধী দলের পক্ষ থেকে কঠোর সমালোচনা ও কয়েকটি গণমাধ্যমে বিস্তর লেখালেখি হয়েছে। কমিটির সদস্যরা গতকালের বৈঠকে বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন করতেই পররাষ্ট্র মন্ত্রী বিদেশ সফর করেছেন। আর সফরের সুফল বাংলাদেশ ইতিমধ্যে পেতে শুরু করেছে। মরিশাস, ইটালির মিলান, পর্তুগাল এবং গ্রিসে স্থায়ী কমিটির সফরের বিষয়ে আলোচনা হয়েছে। তবে সফর কবে নাগাদ হবে সে বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। গতকালের বৈঠকে মুহাম্মদ ইমাজউদ্দিন প্রামাণিক, এ এম মাহবুব উদ্দিন খোকন ও বেগম নাজমা আক্তার অংশগ্রহণ করেন। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
