অধ্যক্ষের বেতন কেন বন্ধ হবে না জানতে চেয়েছে মন্ত্রণালয়

আপডেট : ১৫ মে ২০১৯, ০১:০০

ইত্তেফাক রিপোর্ট

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষার উত্তরপত্র ঘষামাজা করে নম্বর দেওয়ার অভিযোগের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। এ কারণে রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগমকে কারণ দর্শাতে বলেছে মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার মাধ্যমিক ও ‍‌উচ্চ শিক্ষা বিভাগ ‘শিক্ষার্থীদের ভুল উত্তর রাবার দিয়ে মুছে শুদ্ধ উত্তর লিখে নম্বর প্রদানের অভিযোগ’ শীর্ষক এক চিঠিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালককে এ বিষয়ে নির্দেশনা দেয়। এ কারণে অধ্যক্ষের বেতন-ভাতা কেন বন্ধ করা হবে না তার ব্যাখ্যা অধ্যক্ষের কাছে জানতে চাওয়া হয়েছে চিঠিতে। আর মাউশির মহাপরিচালককে ১৫ দিনের মধ্যে এ বিষয়ে সুস্পষ্ট মতামত জানাতে হবে মন্ত্রণালয়কে।

শ্যামলী শিমু নামে এক অভিভাবকের অভিযোগ করেন, অধ্যক্ষ ড. শাহান আরা বেগম ও সহকারী প্রধান শিক্ষক আ. ছালাম খান, অফিস সহকারী দীপাসহ বেশ কয়েকজন মিলে খাতাগুলোর ওপর ঘষামাজা করেন। অধ্যক্ষ ও সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিজ হাতে শিক্ষার্থীদের খাতায় লিখে দেওয়ার অভিযোগ আনেন তিনি। ঢাকা জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, মোট ৬৯টি খাতায় ঘষামাজা ও ওভার রাইটিংয়ের প্রমাণ মিলেছে।