বিয়ের বয়স বছরও ঘোরেনি। সবেমাত্র ঘর গোছাতে শুরু করেছিল কিশোরী নববধূ বাবলী। কিন্তু কাঠমিস্ত্রী স্বামীর সংসারে আচমকাই কাল হয়ে দাঁড়ায় এক টিউব মেহেদী। সদর উপজেলার টুপামারী ইউনিয়নের হাফেজপাড়া গ্রামের কাঠ মিস্ত্রী আব্দুল লতিফের (২০) সাথে বছর খানেক আগে বিয়ে হয় একই ইউনিয়নের নদীটারী গ্রামের বাবুল হোসেনের কন্যা বাবলীর (১৬)। পারিবারিক সূত্র জানায়, ঈদের আগেরদিন স্বামী আব্দুল লতিফকে মেহেদী আনতে বলেছিল বাবলী। কিন্ত মেহেদী না আনায় স্বামী-স্ত্রীর মধ্যে ঈদের আগের দিন থেকেই মনোমালিন্য চলছিল।
এরই এক পর্যায়ে গতকাল মঙ্গলবার সকালে বাবলীর ঝুলন্ত লাশ পাওয়া যায় তার টিনের একচালা ঘরে। এলাকাবাসীর ধারণা বাবলীকে পিটিয়ে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়। কারণ ওড়না দিয়ে টিনের চালা ঘরে ফাঁস দেয়া বাবলীর নিথর পা তখনও মাটির সাথে লেগেছিল। এঘটনায় ক্ষিপ্ত এলাকাবাসী স্বামী আব্দুল লতিফকে আটক করে গাছের সাথে বেঁধে রাখার পর পুলিশের হাতে তুলে দিয়েছে।
