জীবননগর স্থলবন্দর উদ্বোধনে মতবিনিময়

আপডেট : ১৩ আগস্ট ২০১৩, ২১:৫২
আগামী ২৪ আগস্ট চুয়াডাঙ্গার জীবননগর স্থলবন্দর উদ্বোধন হতে যাচ্ছে। নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান প্রধান অতিথি হিসাবে এ স্থলবন্দর উদ্বোধন করবেন। এ উপলক্ষে গত সোমবার জীবননগর উপজেলা পরিষদ হলরুমে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সুধী ও সর্বদলীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর এতে প্রধান অতিথি ছিলেন । উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও সাজেদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আক্তার রিনি, ওসি আব্দুর রকিব খান ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন মিয়া। উদ্বোধনী অনুষ্ঠানকে স্মরণীয় করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের মতামত তুলে ধরে বক্তব্য রাখেন সীমান্ত ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, আন্দুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান শাখাওয়াত্ হোসেন, হাসাদাহ ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জত হোসেন, স্থলবন্দর বাস্তবায়ন সংগ্রাম কমিটির সভাপতি মজিবর রহমান বাবলু, সাধারণ সম্পাদক আব্দুল হক প্রমুখ।