ঘোড়াশালে সন্ত্রাসীদের অত্যাচারে অতীষ্ঠ এলাকাবাসী

আপডেট : ১৩ আগস্ট ২০১৩, ২২:৪৫
পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার আটিয়া, করতেতৈল, ঘাগড়া, খিলপাড়া, বেলাব, কামারটেক ও কান্দাপাড়া এলাকার মানুষ চাঁদাবাজ সন্ত্রাসী রানা বাহিনীর অত্যাচার-নির্যাতনে অতীষ্ঠ হয়ে পড়েছে। এবারের ঈদের আনন্দ উপভোগ করা থেকেও তারা ছিল বঞ্চিত। সন্ত্রাসীদের নির্যাতনের হাত থেকে বাঁচাতে পরিবারের যুবতী মেয়েদের দূর-দূরান্তে আত্মীয়-স্বজনদের বাড়িতে পাঠিয়ে দিতে বাধ্য হয়েছে। এলাকায় পালাক্রমে পাহারা দেয়ার ব্যবস্থা করায় আটিয়া জামে মসজিদের যুগ্ম-সম্পাদক ফজলুল করিম মন্টুকে গুলি করে হত্যা করার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। বাড়ী বাড়ী হামলা চালিয়ে আহত করেছে অন্তত ১০ ব্যক্তিকে। সন্ত্রাসীদের অত্যাচারে বিভিন্ন কলকারখানার শত শত নারী শ্রমিক নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে কারখানায় যাতায়াত করছে। নারী শ্রমিকরা সন্ধ্যার পর রাস্তা দিয়ে চলাফেরা করতে পারছে না। মহিলা শ্রমিকরা আশপাশের বাড়ীতে থেকে মিলে নাইট ডিউটি করছে। দেড় বছরে সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় প্রায় এক ডজন মামলা দায়ের করা হলেও প্রভাবশালীদের কারণে পুলিশ আইনানুগ কোন ব্যবস্থা নিচ্ছে না বলে এলাকাবাসীর দাবি।