জামায়াতে ইসলামীর ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতাল ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। হরতালের প্রথম দিন গতকাল মঙ্গলবার মেহেরপুর, লক্ষ্মীপুর, সিরাজগঞ্জসহ কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে বিক্ষিপ্ত সংঘর্ষে এক ওসিসহ কমপক্ষে ৬০ জন আহত হয়েছেন। হরতাল চলাকালে দেশের বিভিন্ন স্থানে পুলিশের পিকআপসহ নির্বিচারে গাড়ি ভাংচুর, যানবাহনে অগ্নিসংযোগ, দেশীয় অস্ত্র নিয়ে সড়ক অবরোধ করে জামায়াতের নেতাকর্মীরা। পিকেটিংকালে চাঁদপুরে আটক দুই ব্যক্তিকে ৬ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া গাড়ি ভাংচুরের সময় ও নাশকতার আশংকায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবিরের শতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রাজনৈতিক দল হিসাবে হাইকোর্টে জামায়াতের নিবন্ধন বাতিল ঘোষণার প্রতিবাদে এই লাগাতার হরতালের ডাক দিয়েছে দলটি। ইত্তেফাকের বিভাগীয় অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো হরতালের আরো খবর:
সিরাজগঞ্জ:হরতাল চলাকালে সিরাজগঞ্জে পুলিশের রিকুইজিশন করা একটি পিকআপ ভ্যান, একটি মোটরসাইকেল, একটি খাদ্যবাহী ট্রাক ও দুইটি পিকআপ ভ্যান ভাংচুর করেছে হরতাল সমর্থকরা। এ সময় পুলিশ তাদের ধাওয়া করলে জামায়াত-শিবিরের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঁচ রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এক পর্যায়ে পুলিশ ধাওয়া করে উল্ল¬াপাড়া উপজেলা জামায়াতের আমির শাহজাহান আলী ও বোয়ালিয়া এলাকার শিবির কর্মী মাহবুব হোসেন বাবলুকে (৪৬) আটক করে।
ব্রাহ্মণবাড়িয়া:সকালে কুমিল্ল¬া-সিলেট মহাসড়কের রামরাইল এলাকায় জামায়াত-শিবির কর্মীরা ঝটিকা মিছিল করে। এ সময় তারা টায়ারে আগুন জ্বালানো, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাংচুরের চেষ্টা চালায়। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। এদিকে জেলার নবীনগরে হরতালে নাশকতা সৃষ্টি ও পিকেটিংকালে পুলিশ সকালে মাঝিকাড়া ব্রিজ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মো. আমীর হোসাইনসহ জেলার বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
মেহেরপুরঃ মেহেরপুর-মুজিবনগর সড়কের সদর উপজেলার বন্দর এবং মুজিবনগর উপজেলার মোনাখালী বাজার, মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের বারাদি বাজার ও রাজনগরের এআরবি কলেজ সংলগ্ন সড়ক ও মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাড়াডোব বাজারের সড়কে গাছের গুঁড়ি ও ডালপালা ফেলে এবং টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে শিবিরের নেতাকর্মীরা তাণ্ডব চালায়।
গাংনী (মেহেরপুর)ঃ উপজেলার গাড়াডোব বাজারে পুলিশ ও জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সাথে সংঘর্ষে গাংনী থানার ওসি ও ১০ পুলিশ সদস্যসহ জামায়াতের অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন। এসময় পুলিশ ৪৭ রাউন্ড টিয়ারশেল, ১৩ রাউন্ড কাঁদানে গ্যাস, ২০ রাউন্ড রাবার ব্যুলেট এবং র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬) গাংনী ক্যাম্পের সদস্যরা ৯ রাউন্ড সর্টগানের গুলি ছুঁড়েছে।
পরে পুলিশ অভিযান চালিয়ে গাংনী উপজেলার যুগীন্দা গ্রামের ওমর আলীর ছেলে শিবির কর্মী হাসানুজ্জামান সুজন (২৩) ও একই গ্রামের নূর ইসলামের ছেলে আরিফুল ইসলামকে (২২) আটক করে।
স্থানীয়রা জানান, ফজরের আযানের পর থেকেই প্রায় ৮/১০ হাজার জামায়াত শিবির কর্মীরা লাঠি ইটপাটকেল ও দেশীয় তৈরি বিভিন্ন অস্ত্র নিয়ে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাড়াডোব থেকে পোড়াপাড়া পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা গাছের গুঁড়ি ও ইটপাটকেল ফেলে অবরোধ করে। এসময় তারা টায়ার জ্বালিয়ে রাখে। সেখানে একটি ট্রাক ভাংচুর করে। পরে পুলিশ ও র্যাবের দল সেখানে পৌঁছালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটে।
লক্ষ্মীপুর ঃ রামগঞ্জে যুবলীগ-জামায়াত সংঘর্ষ, ভাংচুর, সড়ক অবরোধ, টায়ারে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পৌর জামায়াতের সেক্রেটারিসহ উভয়পক্ষের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়। এঘটনার জের ধরে উত্তেজিত যুবলীগ কর্মীরা পৌর জামায়াতের সেক্রেটারি ইমরান হোসেনের বাড়িতে হামলা চালিয়ে ওই বাড়ির ৪-৫টি ঘরে ভাংচুর চালায়।
এদিকে সকালে শহরের মিয়া রাস্তার মাথায় সড়কে গাছের গুঁড়ি ফেলে ও অগ্নিসংযোগ করে লক্ষ্মীপুর-রামগতি আন্তঃমহাসড়ক অবরোধ করে হরতাল সমর্থকরা। এসময় ওই স্থানে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় জামায়াত-শিবির ক্যাডাররা।
রাজশাহী ঃ ভোর ৫টার দিকে জেলায় হরিয়ান বাইপাস সড়কের মহেন্দ্রা এলাকায় একটি মালবাহী ট্রাকে আগুন দিয়েছে জামায়াত-শিবির কর্মীরা। অন্যদিকে মহানগরীর মতিহার এলাকায় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণও ঘটিয়েছে তারা। হরতাল চলাকালে ৬ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।
কুমিল্লাঃ হরতালের প্রথম দিনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ, বুড়িচং ও দাউদকান্দি এলাকায় কমপক্ষে ৩০টি গাড়ি ভাংচুর করেছে জামায়াত-শিবির কর্মীরা। এসব ঘটনায় জামায়াত-শিবিরের মোট ৮ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে জেলা পুলিশের কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে।
এছাড়া জেলার চৌদ্দগ্রামে সোমবার গভীর রাতে বাজারের দক্ষিণ পার্শ্বে চৌধুরী পেট্রোল পাম্পের সামনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রাকে (ঢাকা-মেট্রো-১৬-৯১৪৬) অগ্নিসংযোগ করে জামায়াত-শিবির কর্মীরা।
দাউদকান্দি (কুমিল্লা)ঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি ও চান্দিনায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা হামলা চালিয়ে ৬/৭টি গাড়ি ভাংচুর করেছে। এ সময় পুলিশ তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের শিবিরের সেক্রেটারি মোঃ কামরুল ইসলামকে গ্রেফতার করে। এছাড়া দাউদকান্দির ষোলপাড়ায় দেশীয় অস্ত্রসহ জামায়াত নেতা মোখলেছুর রহমান ও মাওলানা আবদুল লতিফকে গ্রেফতার করা হয়েছে।
চাঁদপুরঃ কচুয়া উপজেলায় আটক ২ শিবির কর্মীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে বায়েকের মোড় নামক স্থানে পিকেটিংকালে পুলিশ তাদের আটক করে। সাজাপ্রাপ্তরা হলো আনাস দ্বীন ইসলাম (২০) ও মনির হোসেন (৩০)।
গৌরনদী (বরিশাল) ঃ হরতালের সমর্থনে ঝটিকা মিছিল বের করলে বরিশালের গৌরনদী থানা পুলিশ দু’জামায়াত নেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছেন উপজেলা জামায়াতের রোকন টিপু চোকদার (৬০) ও জামায়াত নেতা জাহাঙ্গীর হোসেন বেপারী (৩৫)। গতকাল তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
দিনাজপুর ঃ হরতালের প্রথম দিনে দিনাজপুরে ৯ জনকে পুলিশ গ্রেফতার করেছে। ফজরের নামাজের পরপরই হরতালকারীরা পলিটেকনিক মোড়ে ২টি ইজিবাইক ও ১টি মোটরসাইকেল, হাউজিং মোড়ে ৩টি ইজিবাইক ও ২টি মটরসাইকেল ভাংচুর করে। বিরামপুর উপজেলার ঢাকা মোড়ে ১টি ট্রাক ভাংচুর করা হয়।
নোয়াখালী ঃ হরতালের আগের রাতে সুধারাম থানার পুলিশ সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৮ শিবির কর্মীকে গ্রেফতার করেছে। ওসি মীর জাহিদুল হক রনি জানিয়েছেন, হরতালে সহিংস ঘটনার আশংকায় ও পূর্বের মামলায় এসব শিবির কর্মীদের গ্রেফতার করা হয়েছে। গতকাল গ্রেফতারকৃতদেরকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জামিন না-মঞ্জুর করে জেলহাজতে পাঠিয়ে দেয়।
নলছিটি (ঝালকাঠি) ঃ উপজেলায় জামায়াত কর্মীরা একটি পিকআপ ভ্যান ভাংচুর করে। পুলিশ ভাংচুরের ঘটনায় জড়িত অভিযোগে লক্ষণকাঠি গ্রামের জাকরিয়া ও মোস্তফা মল্লিক নামে দুই জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে। পিকআপ ড্রাইভার বাবুল হোসেন বাদি হয়ে এ ব্যপারে নলছিটি থানায় একটি মামলা করেছেন বলে থানার ওসি এজেডএম মাসুদুজ্জামান জানান।
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) ঃ হরতালে নাশকতা সৃষ্টি ও পিকেটিংকালে পুলিশ সকালে মাঝিকাড়া ব্রিজ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মো. আমীর হোসাইনসহ (২৮) চারজনকে গ্রেফতার করে ।
মাগুরা ঃ শালিখা থানা পুলিশ নাশকতার আশঙ্কায় ৫ জামায়াত-শিবির কর্মীকে গ্রেফতার করেছে। সোমবার গভীর রাতে পুলিশ শতখালী গ্রামে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে।
জিয়ানগর (পিরোজপুর) ঃ সকালে উপজেলার পত্তাশী, পাড়েরহাট ও বালিপাড়ার বিভিন্ন এলাকার সড়কে হরতাল সমর্থকরা গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করে রাখে। পাড়েরহাটের কালিবাড়ী এলাকায় একটি মটরসাইকেলে অগ্নিসংযোগ, টগড়া ফেরিঘাট এলাকায় দুটি রিক্সা ভাংচুর, জিয়ানগর ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহবায়ক শাওন তালুকদার ও শাহীনকে ব্যাপক মারধর করে হরতাল সমর্থকরা। পরে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা বাড়ৈখালীর নয়ঘর এলাকার জামায়াত বিএনপি সমর্থকদের ৫ টি বসত ঘর ও বৌডুবি বাজারের ৩ টি দোকান ঘর ভাংচুর করে বলে জানা যায়। আহত ছাত্রলীগ নেতাদের পিরোজপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশেষ অভিযান চালিয়ে ইন্দুরকানী থানা পুলিশ ৩ হরতাল সমর্থককে আটক করেছে।
সাতক্ষীরা ঃ হরতাল ধাওয়া-পাল্টা ধাওয়া, টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে জেলায় হরতাল পালিত হয়। সকালে শহরের তালতলা মোড় এলাকায় সড়ক অবরোধ করে পিকেটাররা। এখানে পুলিশের সাথে হরতাল সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। শহরের অদূরে কদমতলা ও বাঁকাল এলাকায় রাস্তায় ইট বিছিয়ে, গাছের গুঁড়ি ফেলে, টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে পিকেটাররা। এদিকে আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন জামায়াতের আমীর মাও. মোশাররফ হোসেনসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) ঃ গোবিন্দগঞ্জ থানা পুলিশ জামায়াত-শিবিরের ২ কর্মীকে আটক করেছে।
বিশ্বনাথ (সিলেট) ঃ সিলেটের বিশ্বনাথে সোমবার সন্ধ্যায় জামায়াত কর্মী আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ। তিনি উপজেলার রামপাশা ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি আবু বক্কর সিদ্দিকী টিপু। সে সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলীর ভাতিজা।
অনেকেই মনে করছেন, বড় অংকের টাকার বিনিময়ে টিপুকে পুলিশ ছেড়ে দিয়েছে।
বিশ্বনাথ থানার পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, আটক টিপুর বিরুদ্ধে জামায়াতের রাজনৈতিক কোন সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। ফলে তাকে ছেড়ে দেয়া হয়। পুলিশের বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়।
জলঢাকা (নীলফামারী) ঃ হরতালের প্রথম দিনে উপজেলার বড়ঘাট বাজারে শিবির কর্মীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মীরগঞ্জ বাজারে এক পথচারীর মোটরসাইকেল ভাংচুর করে শিবির কর্মীরা। বড়ঘাট বাজারে জামায়াত-শিবির কর্মীরা মিছিল করে ডালিয়া-রংপুর সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে। পুলিশ বাধা দিলে শিবির কর্মীরা পুলিশের উপর চড়াও হয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে।
চকরিয়া (কক্সবাজার) ঃ কক্সবাজারের চকরিয়া উপজেলায় ঢিলেঢালাভাবে হরতাল পালিত হয়েছে। সকাল ৭টায় হরতালের সমর্থনে শহরে জামায়াত-শিবিরের কর্মী মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এসময় পুলিশ নামার চিরিংগা এলাকা থেকে আমিরুল ইসলাম ও হাসান নামে দুই জামায়াত কর্মীকে আটক করেছে।
জামায়াত কর্মীকে গণপিটুনি
গাংনী (মেহেরপুর) সংবাদদাতা ঃ মেহেরপুরের গাংনী উপজেলার গাঁড়াডোব থেকে রাস্তা অবরোধ শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা আমিরুল ইসলাম (৩৫) নামের এক জামায়াত কর্মীকে পিটিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে। আটক জামায়াত কর্মী উপজেলার হাড়িয়াদহ গ্রামের মৃত কুরবান আলীর ছেলে। গতকাল মঙ্গলবার বেলা ১১ টার সময় উপজেলার যুগিন্দা গ্রামে আমিরুল ইসলামকে আটক করে গণপিটুনি দেয়া হয়। আহত জামায়াত কর্মীকে আটক দেখিয়ে গাংনী হাসপাতালে চিকিত্সা শেষে থানায় নেয়া হয়েছে।
চট্টগ্রাম ঃ ঈদের ছুটির আমেজের মধ্যে জামায়াত আহূত হরতালের প্রথম দিন চট্টগ্রামে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। হালিশহর, কাতালগঞ্জ, কাজির দেউরী এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ছাড়া নগরীর কোথাও হরতালকারীদের তেমন কোন তত্পরতা চোখে পড়েনি। হরতাল চলাকালে সীতাকুন্ডে পিকেটাররা একটি প্রাইভেট কারে হামলা চালালে চালক আহত হন। আহত চালকের নাম জসিম উদ্দিন (৩০) বলে জানা গেছে। হরতাল চলাকালে ব্যাংক-বীমার কাজ-কর্ম স্বাভাবিক ছিল। নগরীর হালিশহর, বাকলিয়াসহ প্রার্শ্ববর্তী এলাকায় জামায়াত-শিবির কর্মীরা হরতালের সমর্থনে ঝটিকা মিছিল বের করার চেষ্টা করলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সটকে পড়ে।
চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ জানান, আমদানিকারকরা গতকাল ৪৯০ টিইইউস কন্টেইনার নামিয়ে আনার জন্য বন্দর কর্তৃপক্ষের কাছে রিকুইজিশান প্রদান করেন। বিকালের দিকে এসব পণ্য ডেলিভারি নেয়ার প্রস্তুতি চলছিল।
বরিশাল ঃ হরতালের সমর্থনে ভোর থেকেই নগরীর লাকুটিয়া সড়ক, গড়িয়ারপাড়, নবগ্রাম রোডসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, টায়ারে আগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঘটায় জামায়াত- শিবির নেতা-কর্মীরা। ভোর ৫টায় নগরীর লাকুটিয়া টাওয়ার সংলগ্ন এলাকায় বিক্ষোভ মিছিল বের করে হরতাল সমর্থকরা। এসময় তারা সড়কে পেট্রোল ঢেলে ও টায়ারে অগ্নিসংযোগ শেষে একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। একই সময় নগরীর গড়িয়ারপাড় এলাকায় বিক্ষোভ মিছিল বের করে শিবির নেতা-কর্মীরা। এসময় তারা বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে। এছাড়া দপদপিয়ায় ৬টি বাস ভাংচুর করে হরতাল সমর্থকরা।
সিলেট ঃ হরতাল চলাকালে শহরতলীর কুমারগাঁও তেমুখীতে অন্তত ১০টি অটোরিকশা ভাঙচুর হয়েছে। এছাড়া নগরীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করার চেষ্টা চালিয়েছে শিবির। তবে আইন-শৃঙ্খলা বাহিনীর তত্পর থাকায় তা পারেনি তারা। হরতালের আগের রাতে পুলিশ অভিযান চালিয়ে বিশ্বনাথ থেকে ৩ জন, কানাইঘাট থেকে ২ জন ও বালাগঞ্জ থেকে ২ শিবির কর্মীকে আটক করে।
রংপুর ঃ জেলায় কোথায়ও কোন মিছিল-মিটিং ও পিকেটিংয়ের ঘটনা ঘটেনি। তবে দু’একটি জায়গায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে তা ব্যর্থ হয়।
পিরোজপুর ঃ হরতালে প্রথম দিনে পিরোজপুর সদরের পোস্ট অফিস সড়ক, ধুপপাশা, আলমকাঠী ও পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে জামায়াত কর্মীরা। নাশকতার আশংকায় পুলিশ জেলা লেবার পার্টির সভাপতি আমিরুল ইসলামসহ জেলার বিভিন্ন স্থান থেকে ১৭ জামায়াত-শিবির কর্মীকে আটক করেছে।
চাঁপাইনবাবগঞ্জ ঃ জেলা শহরের জেলা শহরের শিবতলা মোড়ে সকালে পিকেটার-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পিকেটাররা শহরের মহানন্দা ব্রিজ টোলঘর ও শিবতলা এলাকায় পিকেটিং করার সময় কর্তব্যরত পুলিশকে লক্ষ্য করে ৯ টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। তবে এতে কেউ হতাহত হয়নি। তাদের ছত্রভঙ্গ করতে ২০ রাউন্ড রাবার বুলেট ও ৩ রাউন্ড টিয়ারসেল ছুঁড়ে পুলিশ। এসয় স্থানীয়দের সহযোগিতায় ৩ জনকে এবং পরে শিবতলা থেকে আরো ২ জনকে আটক করে পুলিশ। ৪টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।
সাতকানিয়া (চট্টগ্রাম) ঃ হরতাল চলাকালে জামায়াত-শিবিরের কর্মীরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ও সাতকানিয়া বাঁশখালী সড়কে ৬টি সিএনজি অটোরিকশা ভাংচুর করে। বেলা ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধার মানিক দরগাহ এলাকায় পিকেটারদের ধাওয়া খেয়ে একটি সিএনজি অটোরিকশা সড়কে উল্টে গিয়ে চালকসহ দুইজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে বান্দরবান কৃষি ব্যাংকের অডিট কর্মকর্তা রনধির পালকে (৫২) গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহাদেবপুর (নওগাঁ) ঃ নওগাঁর মহাদেবপুরে পিকেটিং করার সময় পুলিশ এক জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে। স্থানীয় বাসস্ট্যান্ডে পিকেটিং করার সময় ইজাবুল ইসলাম (৩০) নামের ওই জামায়াত কর্মীকে গ্রেফতার করা হয়।
