নোয়াখালীর বেগমগঞ্জ, সেনবাগ, কবিরহাট ও সোনাইমুড়ি উপজেলায় পৃথক চারটি ঘটনায় এক মহিলাসহ চার জনের লাশ উদ্ধার করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ। গত রবি ও সোমবার লাশগুলো উদ্ধার করা হয়।
সোমবার বিকালে বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের দৌলতপুর গ্রামের একটি ডোবা থেকে রুমন আক্তার (১৬) নামে গ্লোব শিল্প কারখানার এক কর্মচারীর লাশ উদ্ধার করে পুলিশ। তার বাড়ি একই উপজেলার একলাশপুর গ্রামে। এর আগে দুপুরে কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের পূর্ব লামচি গ্রামে চাচাতো বোনের বাড়িতে বেড়াতে গিয়ে আত্মহত্যা করেন মনোয়ারা বেগম (২২)। সে কবিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ফয়েজ আহম্মদের মেয়ে। একই দিন সকালে সেনবাগের বিজবাগ ইউনিয়নের দক্ষিণ শ্যামেরগাঁও গ্রামের শ্বশুরবাড়ি থেকে মো. ইব্রাহিম (৩২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের বড় ভাই মো. সুমন অভিযোগ করেন, শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনেই তার ভাইয়ের মৃত্যু হয়েছে। ইব্রাহীম ঐ ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের আবদুল গফুরের ছেলে। এর আগে রবিবার রাতে সোনাইমুড়ির আমিশাপাড়া ইউনিয়নের পদিপাড়া গ্রামে ফারুক (২০) নামের এক যুবককে দুবৃর্ত্তরা গলা কেটে হত্যা করে।
