কুড়িগ্রামের উলিপুরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত এক মাদ্রাসা ছাত্রকে ২ মাসের কারাদণ্ড দিয়েছে। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিনুর আলম গত মঙ্গলবার সকাল ১১টায় তার কার্যালয়ে এ আদেশ দেন। জানা গেছে, উপজেলার হাতিয়া ইউনিয়নের দিঘল হাইল্যা গ্রামের আজাহার আলীর পুত্র সাইফুল ইসলাম (১৮) পার্শ্ববর্তী দিঘল হাইল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে প্রায় উত্ত্যক্ত করত। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করলে পুলিশ সাইফুলকে আটক করে তদন্ত শেষে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। সাইফুল ইসলাম ধরনীবাড়ী লতিফ-রাজিয়া সিনিয়র মাদ্রাসার আলীম ১ম বর্ষের ছাত্র।
