জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারি কর্মসূচি

আপডেট : ১৩ আগস্ট ২০১৩, ২২:৫৭
১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস দেশব্যাপী যথাযথ মর্যাদায় এবং ভাবগম্ভীর পরিবেশে পালনের উদ্দেশে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ১৫ আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। বিদেশে বাংলাদেশ মিশনসমূহেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং আলোচনা সভার আয়োজন করা হবে। ঐদিন সকাল ৬-৩০টায় ধানমন্ডির ৩২ নম্বর রোডে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পুষ্পার্ঘ্য অর্পণ করবেন এবং সশস্ত্র বাহিনী অনার গার্ড প্রদান করবে। এসময় বিশেষ মোনাজাত ও কোরআন তেলাওয়াত অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদত বরণকারী জাতির পিতার পরিবারের সদস্য ও অন্যান্য শহীদদের ঢাকায় বনানীস্থ কবরে সকাল ৭-৩০টায় এবং গোপালগঞ্জ জেলার টুংগীপাড়ায় জাতির পিতার সমাধিতে সকাল ১০টায় পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। ফাতেহা পাঠ এবং সশস্ত্র বাহিনী অনার গার্ড প্রদানসহ বিশেষ মোনাজাত এবং দোয়া মাহফিলের আয়োজন করা হবে। সারাদেশে সকল মসজিদ, মন্দির, গির্জা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হবে। জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশন শোক দিবসের অনুষ্ঠানসমূহ সরাসরি সমপ্রচারসহ বিশেষ অনুষ্ঠানমালা প্রচার এবং সংবাদপত্রসমূহ বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। এছাড়া পোস্টার, সচিত্র বাংলাদেশ এর বিশেষ সংখ্যা প্রকাশ ও বিতরণ এবং বঙ্গবন্ধুর ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয় এবং অন্যান্য মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা জাতীয় কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে স্ব স্ব কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করবে। জেলা ও উপজেলা প্রশাসন যথাযোগ্য মর্যাদার সাথে দিবসটি পালনের জন্য আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ জাতীয় কর্মসূচির সাথে সঙ্গতি রেখে স্ব স্ব কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করবে। বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন টুংগীপাড়ায় জাতির পিতার সমাধিস্থলে এবং ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবে এবং দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ১৫ আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহ এবং বিদেশে বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। -তথ্য বিবরণী