‘লাঙ্গল’ মার্কায় নয়, স্বতন্ত্রভাবে লড়বেন সালমা ইসলাম

আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ২২:৪৯

ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে জাতীয় পার্টির (জাপা) বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম একাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। জাপার প্রেসিডিয়াম সদস্য হলেও তিনি দল থেকে দলীয় মনোনয়নের চিঠি নেননি। জাপার ‘লাঙ্গল’ প্রতীকও নেবেন না। স্বতন্ত্রভাবেই লড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মহাজোটের শরিক হিসেবে জাপা ৪৫টি আসনে ছাড় পাওয়ার কথা জানালেও এরমধ্যে ঢাকা-১ আসনটি নেই। এই আসনে ইতোমধ্যে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে শীর্ষস্থানীয় ব্যবসায়ী সালমান এফ রহমানকে মনোনয়ন দিয়েছে। মহাজোটের মনোনয়ন না পাওয়ার কারণেই স্বতন্ত্রভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নেন সালমা ইসলাম।

সালমা ইসলাম গতকাল মঙ্গলবার ইত্তেফাককে জানান, স্বতন্ত্র   প্রার্থী হিসেবে তিনি আজ বুধবার এলাকায় গিয়ে মনোনয়নপত্র দাখিল করবেন। এক প্রশ্নের জবাবে তিনি জানান, মহাজোট থেকে মনোনয়ন না পাওয়ার কারণে এনিয়ে তিনি জাপা চেয়ারম্যান এইচএম এরশাদ বা দলের কারো সঙ্গে যোগাযোগ করেননি, করবেনও না। উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনেও এই আসনে আওয়ামী লীগের আবদুল মান্নানকে বিপুল ভোটে হারিয়ে জয়ী হন সালমা।

জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার সোমবার ইত্তেফাককে বলেন, ‘ঢাকা-১ আসনটি পাওয়ার জন্য আমরা চেষ্টা করেছি। কিন্তু আওয়ামী লীগ ছাড় দিতে রাজি হয়নি।’